বেকারত্ব ঘোচাতে খোদ স্বর্গের বার্তাবাহকের পুজো! বাঁকুড়ার এই অভিনব রীতিতে চোখ কপালে তুলবে সবার

দেবর্ষি নারদকে মূলত স্বর্গ ও মর্ত্যের বার্তা বাহক হিসেবেই সকলে চেনেন। কিন্তু বর্তমান যুগে কর্মহীনতা ও বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে খোদ নারদ মুনিকেই পুজো করার এক অদ্ভুত ও অভিনব বিশ্বাস গড়ে উঠেছে বাঁকুড়ার পশ্চিম রতনপুর গ্রামে। দেবলোকে খবর পৌঁছে গ্রামের শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন নারদ—এই অটুট ও গভীর বিশ্বাসেই আজ থেকে প্রায় ১৩ বছর আগে এই অঞ্চলে শুরু হয়েছিল দেবর্ষির পুজো। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সেই বিশ্বাস যেমন আরও গাঢ় হয়েছে, তেমনই ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এই পুজোর পরিধি, জাঁকজমক ও আকর্ষণ। ছোট আকারে শুরু হওয়া এই নারদ পুজো আজ পশ্চিম রতনপুর গ্রামের গণ্ডি ছাড়িয়ে আশপাশের এলাকায় এক প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
সাধারণত দুর্গা, কালী, শিব, লক্ষ্মী, গণেশ, কার্তিক সহ ৩৩ কোটি হিন্দু দেবদেবীর ভিড়ে নারদ মুনির উপস্থিতি মাঝেমধ্যে চোখে পড়লেও, পৃথকভাবে তাঁর পুজো হয় না বললেই চলে। আর এখানেই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বাঁকুড়ার পশ্চিম রতনপুর গ্রাম। প্রায় দেড় দশক আগে গ্রামে ক্রমবর্ধমান শিক্ষিত যুবকদের বেকারত্বের যন্ত্রণার খবর বার্তাবাহক নারদকে দিয়ে সোজা স্বর্গলোকে পাঠাতে পারলেই মিলবে সমাধান, এই আশায় গ্রামের বেকার যুবকেরা শুরু করেছিলেন দেবর্ষির পুজো।
নারদের প্রতিমা গড়ে ছোট আকারে গ্রামের মাঠে শুরু হয়েছিল এই পুজো। সেই পুজোতে নারদ তুষ্ট হয়ে দেবলোকে খবর পৌঁছেছিলেন কিনা জানা নেই, তবে গ্রামের বেকারদের একটা বড় অংশের কর্মসংস্থান জুটেছিল। আর তাতেই দেবর্ষির উপর বিশ্বাস বহুগুণে গাঢ় হতে শুরু করে পশ্চিম রতনপুর গ্রামের মানুষের। বাড়তে থাকে পুজোর বহরও। বর্তমানে আর শুধু নারদের মূর্তি গড়ে নমো নমো করে পুজো অর্চনা সীমাবদ্ধ নেই, এই পুজোকে ঘিরে বাঁকুড়ার এই ছোট্ট গ্রাম এখন মেতে ওঠে জমজমাট পাঁচ দিনের নারদ উৎসবে।
যাত্রাপালা থেকে শুরু করে পুতুলনাচ, জমজমাট মেলা ও বাহারি আলোর রোশনাই থেকে শুরু করে সিঁদুর খেলা ও বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা—সব মিলিয়ে আশপাশের আট থেকে দশটি গ্রামের মানুষের কাছে এই পাঁচটি দিন অন্যতম প্রধান ও আকর্ষক ডেস্টিনেশান হয়ে ওঠে পশ্চিম রতনপুরের মাঠ।