বিহার ভোটের মেগা চমক! তেজস্বীর ‘মুখ্যমন্ত্রী’ হওয়া নিয়ে কংগ্রেসের আপত্তি দূর, জোটের রাশ কার হাতে?

বিহার বিধানসভা নির্বাচনের আগে বিরোধী মহাজোটের দীর্ঘদিনের জট অবশেষে কাটল বলে দাবি করা হচ্ছে। ‘আব কি বার তেজস্বী সরকার’ স্লোগানকে সামনে রেখে আরজেডি (RJD) প্রচার শুরু করলেও, তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে মেনে নিতে এতদিন আপত্তি ছিল কংগ্রেসের (Congress)। বুধবার রাতে পাটনায় দুই দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে সেই বিবাদের মীমাংসা হয়েছে বলে জানা গিয়েছে।

আজই আনুষ্ঠানিক ঘোষণা

সূত্রের খবর, বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাসভবনে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গহলত এবং আরজেডির পক্ষে তেজস্বী যাদবের (Tejashwi Yadav) মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার যৌথ সাংবাদিক বৈঠক করে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করবে।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কৌশল

বিহারে বৃহস্পতিবারই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এমন পরিস্থিতিতে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছিল জোট। জানা গিয়েছে, বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, বেশ কিছু আসনে প্রার্থীপদ প্রত্যাহার করে নেবে দুই দল। তবে জটিলতা এড়াতে চার থেকে পাঁচটি আসনে দুই দলের মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’ বজায় থাকবে। এর মধ্যে পাটনার অদূরে আরজেডির শক্ত ঘাঁটি বৈশালী জেলার আসনগুলিও রয়েছে, যেখানে কংগ্রেস কৌশলগত কারণে প্রার্থী দিয়েছিল।

২০২০ সালের নির্বাচনে কংগ্রেস ৭০টি আসনে লড়ে মাত্র ১৯টিতে জিতেছিল। তাই এবার তারা প্রথমে ৭০টির বেশি আসনে লড়বে না বলে জানালেও, বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি এমন কিছু আসন দাবি করে আসছিল। এই দাবি নিয়েই আরজেডির সঙ্গে তাদের আলোচনা থমকে ছিল।

প্রধানমন্ত্রী যখন ময়দানে

জোটের এই অভ্যন্তরীণ সমস্যার মধ্যেই শুক্রবার থেকে বিহারে প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ওই দিন পাটনা ও সীমাঞ্চল (উত্তর বিহার) এলাকায় দুটি নির্বাচনী সভা করবেন। বিজেপি যখন প্রধানমন্ত্রীকে ময়দানে নামাচ্ছে, তখন বিরোধী মহাজোটের শীর্ষ নেতা রাহুল গান্ধী কবে প্রচার শুরু করবেন, তা এখনও স্পষ্ট নয়।

তবে বাম দলগুলি (সিপিএম, সিপিআই, সিপিআইএমএল লিবারেশন) এবং বিকাশশীল ইনসান পার্টি-সহ মহাজোটের অন্য শরিকরা প্রথম থেকেই তেজস্বীকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে মেনে নিয়ে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। যদিও এখনো ছয়টি আসনে আরজেডি-কংগ্রেস এবং চারটি আসনে আরজেডি-সিপিআই উভয় দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে রেখেছেন। মনে করা হচ্ছে, আজ বিকালেই আলোচনার ভিত্তিতে অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলে পরিস্থিতি বদলে যেতে পারে।