বিমানে উঠলেই কেন ফোন বন্ধ করতে বলা হয়? জানলে চমকে উঠবেন!

বিমানে ওঠার পর কেবিন ক্রুদের মুখে সবচেয়ে চেনা নির্দেশটি হলো— ফোন দ্রুত ‘এরোপ্লেন মোড’ বা ফ্লাইট মোডে দিন। আজকের এই আধুনিক ৫জির রমরমার যুগেও কেন টেকনোলজির এই পুরনো নিয়ম আজও কড়াকড়িভাবে মেনে চলতে হয়, তা নিয়ে যাত্রীদের কৌতূহলের শেষ নেই। অনেকেই হয়তো ভাবেন, ফোন সাধারণ মোডে খোলা থাকলে কি বিমান মাঝ আকাশে হঠাৎ ভেঙে পড়তে পারে? আসল সত্যিটা অবশ্য তা নয়। মূলত বিমানের নিজস্ব কমিউনিকেশন সিস্টেম এবং গ্রাউন্ড নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ মসৃণ রাখতেই এই সুনির্দিষ্ট নিয়মটি তৈরি করা হয়েছে।

এরোপ্লেন মোড অন করার অর্থ হলো ফোনের সেলুলার সিগন্যাল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া, যার ফলে মাটির মোবাইল টাওয়ারের সঙ্গে ডিভাইসের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও বর্তমানে বিশ্বের বহু এয়ারলাইন্স ফ্লাইটের ভেতরে যাত্রীদের নির্দ্বিধায় ওয়াই-ফাই এবং ব্লুটুথ ব্যবহারের অনুমতি দিচ্ছে। তবে মাঝ আকাশে বিন্দুমাত্র ঝুঁকি এড়াতে এভিয়েশন অথরিটি এখনও ফ্লাইং মোড চালু রাখার কড়া নির্দেশ দেয়।

পুরনো রেডিও বা স্পিকারের কাছাকাছি মোবাইল রাখলে যেমন এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ব্যাঘাত বা অদ্ভুত আওয়াজ তৈরি হয়, উড়ন্ত বিমানেও ঠিক তেমনই সমস্যা হতে পারে। নেটওয়ার্ক না থাকলে ফোন বারবার সিগন্যাল ধরার জন্য মরিয়া চেষ্টা চালায়, যার ফলে আরও শক্তিশালী রেডিও তরঙ্গ নির্গত হয়। যদি একসাথে বহু যাত্রীর ফোন এভাবে সিগন্যাল খুঁজতে শুরু করে, তবে পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে জরুরি কথপোকথনে মারাত্মক বাধার সৃষ্টি হতে পারে। বিশেষ করে টেক-অফ বা ল্যান্ডিংয়ের মতো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সময়ে পাইলটদের কাছে আবহাওয়া ও রানওয়ের সঠিক নির্দেশিকা পৌঁছানো ভীষণ জরুরি।

তাছাড়া, প্রচণ্ড দ্রুতগতিতে ওড়ার সময় সাধারণ মোডে থাকা ফোনগুলি মাটির একাধিক টাওয়ারের সঙ্গে একসঙ্গে কানেক্ট করার চেষ্টা করে। এত দ্রুত নেটওয়ার্ক পরিবর্তনের বিশাল চাপ সামলানোর জন্য গ্রাউন্ড মোবাইল নেটওয়ার্কগুলি আদৌ তৈরি নয়। পাশাপাশি, বিমান ওড়া বা নামার সময় যাত্রীরা যাতে ফোনে ব্যস্ত না থেকে কেবিন ক্রুদের জরুরি নির্দেশিকায় মন দেন, সেটাও এই নিয়মের অন্যতম প্রধান উদ্দেশ্য। যে কোনও অনভিপ্রেত আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে এবং সুরক্ষিত থাকতে ফোন থেকে চোখ সরিয়ে রাখা একান্ত প্রয়োজন।