বিপদের মুখে চারধাম যাত্রা? একের পর এক কপ্টার ক্র্যাশের পর প্রধানমন্ত্রীর দরবারে হাহাকার!

উত্তরাখণ্ডের বিপজ্জনক পাহাড়ি পথে একের পর এক হেলিকপ্টার দুর্ঘটনা চারধাম যাত্রার আকাশপথের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। চামোলিতে সাম্প্রতিক ভয়াবহ দুর্ঘটনার পর আর ঝুঁকি নিতে নারাজ পাইলটদের সংগঠন ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস’ (FIP)। পাহাড়ি অঞ্চলে উড্ডয়নের জন্য প্রচলিত নিরাপত্তা বিধিমালায় দ্রুত আমূল পরিবর্তনের দাবিতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল এই সংস্থা।

পাইলট সংগঠনের স্পষ্ট বক্তব্য, পার্বত্য এলাকায় হেলিকপ্টার চালানো আর সমতলে ওড়ার মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। পাহাড়ি অঞ্চলে মুহূর্তের মধ্যে আবহাওয়ার রূপ বদলে যায়। আচমকা নেমে আসে ঘন মেঘ ও কুয়াশা, যার ফলে দৃষ্টিসীমা বা দৃশ্যমানতা এক ধাক্কায় শূন্যে গিয়ে ঠেকে। চারপাশে খাড়া পাহাড়ের মাঝে তীব্র দুর্যোগে উড্ডয়ন নিয়ন্ত্রণ করা পাইলটদের জীবনের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে।

এফআইপি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পর পর এই দুর্ঘটনাগুলোকে স্রেফ ‘সাধারণ দুর্ঘটনা’ হিসেবে দেখে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই বিপর্যয়গুলোর পেছনে নিরাপত্তার মারাত্মক ঘাটতি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলটদের প্রশিক্ষণ ব্যবস্থা, রিয়েল-টাইম আবহাওয়া পূর্বাভাস এবং সামগ্রিক সুরক্ষাবিধি জরুরি ভিত্তিতে পুনর্বিবেচনা করা দরকার।

আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে পাইলটদের সংগঠনটি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডুর সঙ্গেও জরুরি বৈঠকের আবেদন জানিয়েছে। চারধাম যাত্রীদের সুরক্ষার স্বার্থে কেন্দ্র এখন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর দেশের।