বাতিল হচ্ছে ১০ টাকার সব নোট? তুঙ্গে জল্পনা! পকেটে থাকা টাকা নিয়ে হঠাৎ কেন দুশ্চিন্তায় সাধারণ মানুষ?

বাজারে কি তবে ১০ টাকার নোটের দিন ফুরিয়ে এল? সম্প্রতি সাধারণ মানুষের মনে এই প্রশ্নই ঘোরাঘুরি করছে। বিশেষ করে গণপরিবহনে যাতায়াতের সময় ১০ টাকার নোট নিয়ে যে বিড়ম্বনা তৈরি হচ্ছে, তা থেকেই দানা বাঁধছে নোট বাতিলের জল্পনা। অটো বা টোটোয় খুচরো দিলেই হাতে আসছে এমন সব নোট, যা মাঝখান থেকে জোড়া লাগানো, ছেঁড়া কিংবা পোড়া। এই পচা-গলা নোট নিতে অস্বীকার করলেই শুরু হচ্ছে বচসা। দমদম থেকে নাগেরবাজার—শহরের বিভিন্ন প্রান্তে খুচরোর আকালে জেরবার যাত্রীরা। অনেক সময় অটো চালকরা সাফ জানাচ্ছেন, “হয় খুচরো দিন, নয় এই নোটই নিতে হবে।”

এই চরম ভোগান্তি থেকেই সাধারণের মধ্যে রটে গিয়েছে যে, হয়তো শীঘ্রই ১০ টাকার নোট তুলে নেবে সরকার। যদিও এই জল্পনার কোনো ভিত্তি নেই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ১০ টাকার নোট বাতিল সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি করেনি। অর্থাৎ, বাজারে থাকা ১০ টাকার নোট সম্পূর্ণ বৈধ। মূলত ইউপিআই (UPI) লেনদেন বাড়লেও সব ক্ষেত্রে তা উপলব্ধ না হওয়ায় খুচরোর সমস্যা প্রকট হচ্ছে। ছেঁড়া নোট বদলানোর ঝক্কি এড়াতে সবাই ভালো নোট হাতছাড়া করতে চাইছেন না, আর তাতেই বাড়ছে গুজব। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ১০ টাকার নোট আপাতত বাজারেই বহাল থাকছে।