বাজেট কি বুর্জ খলিফাকেও ছাড়িয়ে গেল? রকস্টারের নতুন গেম নিয়ে তুঙ্গে উন্মাদনা

১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ নভেম্বর ২০২৬ বিশ্বজুড়ে মুক্তি পেল রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত ওপেন-ওয়ার্ল্ড গেম GTA 6। প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স|এস কনসোলের জন্য গেমটি বাজারে আসার পর থেকেই গেমার মহলে বিপুল সাড়া পড়েছে। সোশ্যাল মিডিয়ায় গেমটির বাজেট নিয়ে যেমন নানা আলোচনা চলছে, তেমনই লঞ্চের আগেই প্রি-অর্ডার ও বুকিংয়ের দিক থেকে এটি আগের বহু রেকর্ড ছুঁয়ে ফেলেছে বলে খবর।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক দাবি অনুযায়ী, GTA 6 তৈরিতে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে, যা দুবাইয়ের বুর্জ খলিফার প্রায় ১.৫ বিলিয়ন ডলার নির্মাণ খরচের চেয়েও বেশি। তবে নির্মাতা সংস্থা রকস্টার গেমস এবং তাদের মূল সংস্থা টেক-টু ইন্টার্যাক্টিভ এখনও গেমটির চূড়ান্ত ডেভেলপমেন্ট বাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তাই আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এই অঙ্ককে নিশ্চিত বলে ধরা যাচ্ছে না, যদিও বিশ্লেষকদের অনুমান অনুযায়ী এটি গেমিং ইতিহাসের অন্যতম ব্যয়বহুল প্রকল্প।
রকস্টারের তথ্য অনুযায়ী, এই গেমের প্রেক্ষাপট আমেরিকার কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডা ও ভাইস সিটি। মূল চরিত্রে রয়েছেন জেসন ডুভাল ও লুসিয়া ক্যামিনোস, যাঁদের অপরাধ ও ষড়যন্ত্রের জটিল গল্প ঘিরে এগিয়েছে কাহিনি। ২০১৩ সালে GTA 5 আসার পর দীর্ঘ সময় অপেক্ষা করেছেন অনুরাগীরা। টেক-টু-র রিপোর্ট অনুযায়ী, GTA ফ্র্যাঞ্চাইজি বিশ্বজুড়ে ৪৭ কোটির বেশি এবং GTA 5 ২৩ কোটির বেশি কপি বিক্রি হয়েছে।আন্তর্জাতিক বাজারে স্ট্যান্ডার্ড এডিশনের দাম ৭৯.৯৯ ডলার এবং আল্টিমেট এডিশনের দাম ৯৯.৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। ভারতে প্লেস্টেশন স্টোরে স্ট্যান্ডার্ড এডিশনের দাম ৫,৯৯৯ টাকা এবং আল্টিমেট এডিশনের দাম ৭,৪৯৯ টাকা রাখা হয়েছে। স্ট্যান্ডার্ড এডিশনে মূল গেমের সঙ্গে ভিন্টেজ ভাইস সিটি প্যাক এবং আল্টিমেট এডিশনে বাড়তি কনটেন্ট ও আপগ্রেড যুক্ত রয়েছে।