বন্ধ ক্যাফেতে ভোররাতে ভয়াবহ নির্যাতন! প্রীত বিহারে তরুণীকে গণধর্ষণের অভিযোগ

পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকার একটি ক্যাফেতে পঁচিশ বছর বয়সি এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক মহিলাসহ মোট ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত বাকি তিন অভিযুক্ত এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ, যাদের ধরতে তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্যাতিতা তরুণী এবং অভিযুক্ত ছয়জনই কারকারডুমা এলাকার একটি শপিং মলের ক্যাফেতে কাজ করেন। অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, সোমবার রাতে তিনি এবং তাঁর সহকর্মীরা একটি পার্টির উদ্দেশ্যে ওই ক্যাফেতে একত্রিত হয়েছিলেন। কাজের জায়গার পরিচিত সহকর্মীদের সঙ্গে এমন জমায়েত ঘিরে পরবর্তীতে ভয়াবহ এই ঘটনা ঘটে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ ক্যাফেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে পুলিশের একটি সূত্রের দাবি, ওই দলের একজনের কাছে ক্যাফের চাবি থাকায় তাঁরা ফের ক্যাফে খুলে ভেতরে পার্টির আয়োজন করেন। সেখানে উপস্থিত সকলেই মদ্যপান করেন বলে জানা গিয়েছে। দীর্ঘ কয়েক ঘণ্টা ভেতরে কাটানোর পর ভোর প্রায় সাড়ে তিনটে নাগাদ ক্যাফে থেকে বাইরে বেরিয়ে আসেন সকলে।
নির্যাতিতা তরুণীর অভিযোগ, ক্যাফে থেকে বেরোনোর পর ওই সময় দুই ব্যক্তি তাঁকে যৌন নির্যাতন করেন। পাশাপাশি সেখানে থাকা অন্য সহকর্মীরাও এই অপরাধে মদত ও সহায়তা করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তিনজনকে গ্রেফতার করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
সাম্প্রতিক সময়ে দিল্লি ও সংলগ্ন এলাকায় একের পর এক যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসায় উদ্বেগ বেড়েছে। কয়েক সপ্তাহ আগে পার্ক ও চলন্ত বাসে নির্যাতনের অভিযোগ ঘিরেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। সেই সময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ২০১২ সালের নির্ভয়াকাণ্ডের সঙ্গে তুলনা টেনেছিল সুপ্রিম কোর্ট এবং এমন ঘটনা পুলিশি ব্যবস্থার ব্যর্থতাকেই সামনে আনে বলে মন্তব্য করেছিল শীর্ষ আদালত।