নলকূপ চাপতেই জলের বদলে মদের স্রোত! ঝাঁসিতে তাজ্জব পুলিশও

উত্তরপ্রদেশের ঝাঁসিতে বেআইনি মদ কারবারিদের অদ্ভুত কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছেন পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা। একটি বাড়ির উঠোনে বসানো সাধারণ নলকূপ চাপতেই জল বেরোনোর বদলে গলগল করে বেরিয়ে এসেছে চোলাই মদ। অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর সময় এই অভিনব কৌশল সামনে আসে, যা নিয়ে এলাকায় শোরগোল পড়ে গেছে।

ঘটনাটি ঘটেছে গত একুশ নভেম্বর ঝাঁসির তেজপুরা ঘুরাট গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে যৌথভাবে অভিযান চালায় পুলিশ ও আবগারি দপ্তরের একটি দল। তল্লাশি চালানোর সময় বাড়ির উঠোনে বসানো একটি নলকূপ দেখে আধিকারিকদের সন্দেহ হয়। এরপর পুলিশকর্মীরা নলকূপটি চাপতে শুরু করলে দেখা যায়, জলের পরিবর্তে সেখান থেকে দেশি চোলাই মদ বেরিয়ে আসছে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে পুলিশকর্মীরা নলকূপ চেপে একটি গামলায় মদ সংগ্রহ করছেন এবং পরে তা জেরিক্যানে ভরছেন।

তদন্তে জানা গিয়েছে, কারবারিরা মাটির নিচে গোপন কুঠুরি তৈরি করে সেখানে বিপুল পরিমাণ চোলাই মদ মজুত করে রেখেছিল। আর বাইরে থেকে কারও যাতে কোনোভাবেই সন্দেহ না হয়, সেজন্য ঠিক তার ওপরেই একটি সাধারণ জলের নলকূপ বসানো হয়েছিল। প্রয়োজন মতো ওই নলকূপ চেপেই মাটির নিচ থেকে চোলাই মদ তুলে এনে বিক্রি করা হতো। এমন অভিনব কায়দায় চোলাই মজুত ও সরবরাহের বিষয়টি আধিকারিকদেরও চমকে দিয়েছে।

অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে প্রায় ত্রিশ লিটার বেআইনি চোলাই মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ ও আবগারি দপ্তরের দল। এ ছাড়া অবৈধভাবে বিক্রি রুখতে সেখানে মজুত থাকা আরও প্রায় এক হাজার লিটার চোলাই মদ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। এই ঘটনায় ওই গ্রামেরই ত্রিশ বছর বয়সী এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃত মহিলার বিরুদ্ধে আবগারি আইনে মামলা রুজু করা হয়েছে। এই বেআইনি চোলাই মদ চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে এবং কীভাবে এই গোটা নেটওয়ার্ক চলছিল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।