স্কুলের কম্পিউটার ল্যাবে গোপন কক্ষ? ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে গ্রেফতার শিক্ষক!

দ্বাদশ শ্রেণির ছাত্রীকে অশালীন প্রস্তাব দেওয়া এবং লাগাতার উত্যক্ত করার অভিযোগে গ্রেফতার হলেন এক সরকারি স্কুলের শিক্ষক। চাঞ্চল্যকর এই ঘটনা সামনে এসেছে মধ্যপ্রদেশের গুনা থেকে। ধৃত শিক্ষকের নাম নরেন্দ্র কুশওয়াহা এবং তিনি ওই সরকারি স্কুলে অঙ্ক পড়াতেন। অভিযোগ উঠেছে, ছাত্রীকে নানাভাবে হয়রানি ও আপত্তিকর বার্তা পাঠাতেন তিনি। ছাত্রীটি তাঁর পাঠানো অশ্লীল ও কুপ্রস্তাবের হোয়াটসঅ্যাপ মেসেজ প্রমাণ হিসেবে জমা দিয়েছে, যা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

ছাত্রীর অভিযোগ অনুযায়ী, গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে তাঁকে লাগাতার মেসেজ পাঠিয়ে উত্যক্ত করেন ওই শিক্ষক। একটি বার্তায় তিনি জানতে চান, বিকেল পাঁচটায় ছাত্রী ফ্রি আছে কি না এবং আটটার মধ্যে ছেড়ে দেওয়ার কথাও বলেন। ছাত্রীটি পুলিশের পাশাপাশি স্কুলের অধ্যক্ষ এবং জেলাশাসকের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছে। তাঁর বক্তব্য, স্কুলে শিশুদিবসের অনুষ্ঠানের সময় শিক্ষকের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছিল এবং তার পর থেকেই শুরু হয় হয়রানি। এমনকি শিক্ষকের পছন্দমতো পোশাক পরার জন্যও চাপ দেওয়া হতো বলে অভিযোগ।

হোয়াটসঅ্যাপে পাঠানো আরও কিছু বার্তার কথা সামনে এনেছে ওই ছাত্রী। একটি মেসেজে নরেন্দ্র লিখেছিলেন যে ছাত্রীর কথা আলাদা এবং তাঁকে শিক্ষকের যত্ন নিতে হবে। আরেকটি বার্তায় ঘুম পাড়িয়ে দেওয়ার মতো আপত্তিকর কথাও লেখা ছিল বলে অভিযোগ। এই ধরনের বার্তা ও আচরণে চরম অস্বস্তি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল ওই ছাত্রী।

অভিযোগে আরও গুরুতর তথ্য তুলে ধরেছে ছাত্রী। তাঁর দাবি, স্কুলের কম্পিউটার ল্যাবে পর্দা টাঙিয়ে একটি গোপন কক্ষ তৈরি করেছিলেন নরেন্দ্র কুশওয়াহা। সেখানে যাওয়ার জন্য ছাত্রীকে জোরাজুরি করা হতো এবং রাজি না হলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো। এমনকি শারীরিক সম্পর্কে রাজি না হলে পরীক্ষায় নম্বর কেটে নেওয়ার হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ তুলেছে ছাত্রী।

অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ এবং স্কুল প্রাঙ্গণে পৌঁছে নরেন্দ্র কুশওয়াহাকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে পুলিশের হাতে উঠে এসেছে যে, কেবল ওই এক ছাত্রীই নন, আরও একাধিক ছাত্রীকে এ ধরনের অশ্লীল মেসেজ পাঠাতেন অভিযুক্ত শিক্ষক। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ।