ফুকেটের বাণিজ্যিক ভবনে প্রলয়ঙ্করী আগুন! পুড়ে ছাই হওয়ার পাশাপাশি শ্বাসকষ্টে মর্মান্তিক মৃত্যু ১১ জনের

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কেড়ে নিল অন্তত ১১টি তাজা প্রাণ। ঘুমের মধ্যেই ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় পুড়ে যাওয়ার পাশাপাশি তীব্র ধোঁয়ায় শ্বাসকষ্টে বেঘোরে প্রাণ হারিয়েছেন অনেকে। ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৬ জন, যাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় আন্তর্জাতিক পর্যটন মহলে চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সময় সোমবার ভোর প্রায় ৩টে ১৭ মিনিট নাগাদ ফুকেতের পশ্চিম উপকূলে বিখ্যাত পাটং বিচ এলাকার কাছে একটি বাণিজ্যিক ভবনে এই আগুন লাগে। সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি গাড়ি ভাড়ার ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন চারপাশের অন্য ভবনগুলিতেও ছড়িয়ে পড়ে। চারতলা বিশিষ্ট ওই বাণিজ্যিক ভবনে একটি রেস্তোরাঁ ও বেশ কিছু ভাড়া ঘর ছিল। আগুন লাগার সময় বেশিরভাগ মানুষই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ফলে তারা বের হওয়ার সুযোগ পাননি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কর্মীরা। এরপর পোড়া ভবন থেকে একে একে ১১ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আহত ১৬ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে জানা গেছে, আহতরা মূলত ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং ভাঙা কাচের আঘাতে জখম হয়েছেন। নিহতদের মধ্যে থাইল্যান্ড এবং মায়ানমারের নাগরিকরা রয়েছেন বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, এই মর্মান্তিক দুর্ঘটনা থাইল্যান্ডের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিনোদনকেন্দ্রগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের একশো শতাংশ প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। এর মাত্র চার মাস আগে ব্যাংককের একটি বারে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল অন্তত ২৭ জনের। যেটির কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হয়েছিল। এমনকি ২০০৯ সালের বর্ষবরণের রাতে ব্যাংককের সান্তিকা ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যুর স্মৃতি এখনও তাজা। পরপর এমন নৃশংস দুর্ঘটনা ঘটায় থাইল্যান্ডের সুরক্ষায় প্রশাসনিক নজরদারি নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।