‘প্রতিবেশী বাজি ফোটালে আমরা আরও জোরে…!’ ছোটবেলার কোন দুষ্টু স্মৃতির কথা ফাঁস করলেন অমিতাভ?

আসন্ন মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’ মুক্তির আগে উত্তেজনার পারদ চড়ছে চরমে। ছবির প্রচারে এবার জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র সেটে হাজির হয়েছিলেন পর্দার রাম তথা বলিউড তারকা রণবীর কাপুর, সীতা খ্যাত অভিনেত্রী সাই পল্লবী এবং অভিনেতা রবি দুবে। মেগা এই রিয়েলিটি শো-এর দীপাবলি স্পেশাল পর্বের একটি আকর্ষণীয় ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যা ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে শোরগোল।
কেবিসি-র এই বিশেষ পর্বে সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন তারকারা। সেখানেই রণবীর কাপুর বিগ বি-র কাছে জানতে চান, তাঁর ছোটবেলার দীপাবলির কোনো বিশেষ স্মৃতি মনে আছে কি না। আর এই প্রশ্নের উত্তরেই নিজের শৈশবের এক মজার ও দুষ্টু স্মৃতির ঝুলি খুলে বসেন অমিতাভ।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুচকি হেসে বর্ষীয়ান অভিনেতা বলেন, “দীপাবলির কথা বলতে গেলে শুধু এটুকুই মনে পড়ে, সেই সময়ে প্রতিবেশীদের বাড়িতে বাজি ফাটানো হলে, আমাদের বাড়িতে তার চেয়েও অনেক বেশি জোরে বাজি ফাটানো হতো!” অমিতাভের মুখে শৈশবের এই রেষারেষি ও দুষ্টুমির কথা শুনে কেবিসি-র মঞ্চে উপস্থিত রণবীর কাপুর ও সাই পল্লবী নিজেদের হাসি আর ধরে রাখতে পারেননি।
জানা গেছে, আগামী ২৯ ও ৩০ অক্টোবর টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এই বিশেষ দিওয়ালি এপিসোড। পর্দায় এই তারকাদের জমজমাট আড্ডা এবং বিগ বি-র নস্ট্যালজিক মুহূর্ত দেখার জন্য এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।