পুলিশ নিয়োগে হাইকোর্টের বিরাট ধাক্কা! ১১,৭৪৯ কনস্টেবল পদের তালিকায় বড়সড় গরমিল?

রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ ঘিরে ফের আইনি জটিলতা। ১১,৭৪৯টি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এক কড়া নির্দেশে জানিয়েছেন, নম্বর বিভাজন ও ক্যাটাগরি ভিত্তিক বিস্তারিত তথ্য ছাড়াই রাজ্য যে তালিকা প্রকাশ করেছে, তা গ্রহণযোগ্য নয়। আগামী ৭ দিনের মধ্যে প্রতিটি প্রার্থীর নম্বরসহ বিশদ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।
২০২৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া এই মামলায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। লিখিত পরীক্ষার পর মোট ৬০,১৭৮ জনকে বাছাই করা হলেও, তাঁদের প্রাপ্ত নম্বর কিংবা কোন ক্যাটাগরিতে (যেমন ওবিসি, এসসি, বা হোমগার্ড) তাঁরা সুযোগ পেয়েছেন, তার কোনো উল্লেখ ছিল না তালিকায়। বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, “এসএসসি নিয়োগ দুর্নীতির আবহে কনস্টেবল নিয়োগে রাজ্যের এই অস্বচ্ছ অবস্থান নতুন করে সংশয় জাগাচ্ছে।”
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ দিনের মধ্যে এই ৬০,১৭৮ জন প্রার্থীর নম্বর বিভাজন এবং জেন্ডার ও ক্যাটাগরি ভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা অনলাইনে আপলোড করতে হবে। মামলাকারীদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ী জানান, স্বচ্ছতা বজায় রাখতে এই তথ্য অত্যন্ত জরুরি। বিস্তারিত তালিকা প্রকাশ হলে বোঝা যাবে কারোর প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে কি না।
তবে হাইকোর্টের এই নির্দেশের ফলে পুরো নিয়োগ প্রক্রিয়াটি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে যখন দ্রুত চাকরির দাবিতে আন্দোলন চলছে, তখন নম্বর বিভাজন সংক্রান্ত এই আইনি প্যাঁচে ১১,৭৪৯ জন হবু কনস্টেবলের ভবিষ্যৎ এখন সময়ের অপেক্ষা।