‘পুলিশকে গুলি করলে কি বাতাসা খাওয়াবে?’ এনকাউন্টার নিয়ে বিস্ফোরক মন্তব্য করে অপরাধীদের সরাসরি বাংলাদেশ যাওয়ার হুশিয়ারি মুখ্যমন্ত্রীর!

রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আরও কঠোর অবস্থান নিল প্রশাসন। একের পর এক এনকাউন্টারের জেরে ফের উত্তাল রাজ্য রাজনীতি। বীরভূমের শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলকে গুলি করে পালানোর ঘটনায় মূল অভিযুক্ত রতন শেখ রবিবার সন্ধ্যায় এক এনকাউন্টারে নিহত হয়েছে। এটি রাজ্যে অপরাধ দমনে পঞ্চম এনকাউন্টারের ঘটনা। এই চাঞ্চল্যকর খবর সামনে আসতেই কড়া ভাষায় অপরাধীদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পঞ্চম এনকাউন্টারের নেপথ্যে বীরভূমের ঘটনা

ঘটনার সূত্রপাত শান্তিনিকেতন থানার লায়েক বাজার এলাকায়। সেখানে কর্তব্যরত পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত রতন শেখ। পুলিশ তার খোঁজে জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছিল। অবশেষে রবিবার সন্ধ্যায় এনকাউন্টারের মাধ্যমে খতম হয় ওই দুষ্কৃতী।

উল্লেখ্য, এর আগে বারুইপুরের ধর্ষণ-খুনের ঘটনার পর রাজ্যে প্রথম এনকাউন্টারের ঘটনা দেখেছিল সাধারণ মানুষ। এরপর মুর্শিদাবাদ, গাইঘাটা এবং রায়গঞ্জে একই ধরনের ঘটনার পর এবার বীরভূমের শান্তিনিকেতনে এই পঞ্চম সংযোজন ঘটল।

‘পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে’

কলকাতায় ছটপুজো উপলক্ষে গঙ্গায় উপস্থিত থাকার সময় সাংবাদিকদের মাধ্যমেই এই এনকাউন্টারের খবর পান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি এক্কেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অপরাধীদের সঙ্গে কোনো রকম আপস করা হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। বিশ্বজিৎকে যখন গুলি করেছিল, বিশ্বজিতের উচিত ছিল… পুলিশকে গুলি করতে গেলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?”

অপরাধীদের বাংলাদেশ যাওয়ার কড়া বার্তা

রাজ্যে অপরাধ এবং অপরাধীদের দমনে প্রশাসনের কঠোর মনোভাবের কথা পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলায় ধর্ষক, খুনি, গুন্ডাদের কোনো স্থান নেই। এটা মাথায় রেখে চলুন। পুলিশকে কেউ গুলি করলে, যে পুলিশ অন স্পট রয়েছে, তিনি ব্যবস্থা নেবেন।”

এদিন হুঁশিয়ারির সুরে তিনি আরও যোগ করেন, “সব গুন্ডা এখান থেকে পালাও। সব ভাগো, বাংলাদেশ ভাগো। ইহা রহনা তো, যো করনা হ্যয়, করুঙ্গা।” মুখ্যমন্ত্রীর এই দ্ব্যর্থহীন বার্তা রাজ্যজুড়ে অপরাধের সংস্কৃতিতে বড় ধাক্কা দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Pratik Saha
  • Pratik Saha