পুরভোট অনিশ্চিত হতেই বড় পদক্ষেপ! কলকাতার ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক”

কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত মামলায় আদালতের স্থগিতাদেশের জেরে আপাতত পুরভোট বিশ বাঁও জলে। নির্বাচিত বোর্ড না থাকায় নাগরিক পরিষেবা সচল রাখতে এবার বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর বা সমন্বয়ক নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ঘোষণা ঘিরেই রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
পুরভোটের অনিশ্চয়তা ও কো-অর্ডিনেটর নিয়োগ
আইনি জটে পুরনিগম নির্বাচন আটকে থাকায় সাধারণ মানুষের নাগরিক পরিষেবা কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। সরকারের দাবি, মে মাসের ৪ তারিখের পর বিরোধী শিবিরের কাউন্সিলরদের একাংশ ইস্তফা দেওয়ায় এবং কাজে না আসায় পুরনিগমের পরিষেবা পরিচালনায় একটি বড় প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। মন্ত্রীদের পক্ষে বা সরকারি আধিকারিকদের পক্ষেও প্রতিটি ওয়ার্ডের ছোটোখাটো সমস্যার ওপর সরাসরি নজর রাখা সম্ভব নয়। সেই ঘাটতি পূরণ করতেই এই প্রশাসনিক ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে করোনা অতিমারির সময়ও অনুরূপভাবে পুরনিগমে কো-অর্ডিনেটর নিয়োগ করা হয়েছিল।
‘কো-অর্ডিনেটর মানেই কাউন্সিলর নন’, সাফাই অগ্নিমিত্রার
কো-অর্ডিনেটর নিয়োগ ঘিরে ওঠা রাজনৈতিক বিতর্কের মুখে দাঁড়িয়ে পুরো বিষয়টি স্পষ্ট করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিরোধীদের অভিযোগের জবাব দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, কো-অর্ডিনেটর নিয়োগের সঙ্গে ভবিষ্যতের পুর নির্বাচনে প্রার্থী হওয়ার বা টিকিট পাওয়ার কোনো দূরদূরান্তের সম্পর্ক নেই।
মন্ত্রীর কথায়, “যাঁদের কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ করা হবে, তাঁরা যে ভবিষ্যতের কাউন্সিলর হবেন, এমনটা নয়। ভবিষ্যতে কাউন্সিলর কে হবেন, তা ওই ওয়ার্ডের মানুষ ভোট দিয়ে ঠিক করবেন। কো-অর্ডিনেটর হলেই যে তিনি পুর নির্বাচনে টিকিট পাবেন, তারও কোনো নিশ্চয়তা নেই।”
কো-অর্ডিনেটরদের আসল দায়িত্ব কী হবে, তা ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, ওয়ার্ডে জঞ্জাল জমা হওয়া, নিকাশি নালা বন্ধ থাকা বা রাস্তার লাইট না জ্বলার মতো দৈনন্দিন নাগরিক সমস্যাগুলি দ্রুত পুরনিগমের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের কাজ। অর্থাৎ, পুরসভা ও ওয়ার্ডের মধ্যে তাঁরা কেবল একটি ‘সেতু’ হিসেবে কাজ করবেন।
রাজনৈতিক দলীয় নিয়োগ নিয়ে বিতর্ক
এই নিয়োগ প্রক্রিয়ার নেপথ্যেই দানা বেঁধেছে মূল বিতর্ক। বিরোধীদের প্রধান অভিযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কলকাতার ২০৯টি ওয়ার্ডেই নাকি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের (বিজেপি) লোকজনকে কো-অর্ডিনেটর হিসেবে বসানো হচ্ছে। প্রশাসনিক দায়িত্বের আড়ালে আদতে দলীয় পুনর্বাসন চলছে কি না, সেই প্রশ্নও তুলছে বিরোধী শিবির।
যদিও এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে, দ্রুত পুর নির্বাচন করানোর পক্ষেই রয়েছে প্রশাসন। কিন্তু আদালতের স্থগিতাদেশের কারণে ভোটের আইনি প্রক্রিয়া থমকে থাকায় সাধারণ মানুষের পরিসেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেই কারণেই এই ব্যবস্থা। তবে কো-অর্ডিনেটরদের এই ভূমিকা শেষ পর্যন্ত কতটা প্রশাসনিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে আর কতটা রাজনৈতিক তরজাকে উসকে দেয়, এখন সেটাই দেখার।