পাহাড়ি আমেজ সমতলের জলপাইগুড়িতেও! কুয়াশার জেরে ধীর গতিতে ট্রেন ও যানবাহন!

পারদ নামতেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরবঙ্গ। জলপাইগুড়ি সহ পাহাড়ের একাধিক জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়ছে। উত্তরের জলপাইগুড়িতে জাঁকিয়ে বসতে শুরু করেছে ঠান্ডা। মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। সকাল গড়িয়ে বেলা হলেও দৃশ্যমানতা এতটাই কম যে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ট্রেন এবং সড়ক পরিবহনেও সমস্যা তৈরি হচ্ছে, আর দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকদের বাড়তি সতর্কতা নিতে হচ্ছে।
কুয়াশার কারণে উত্তরবঙ্গের জাতীয় সড়কে চলাচলকারী ভারী যানবাহন ধীর গতিতে চলছে। একই পরিস্থিতি তৈরি হয়েছে রেলপথেও। এর ফলে রাজধানী দিল্লি থেকে উত্তর-পূর্ব ভারতমুখী ট্রেনের সময়সূচিতে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই শহর থেকে গ্রামাঞ্চল কুয়াশাচ্ছন্ন। চারপাশে কুয়াশার দাপটে সমতলের জলপাইগুড়িতেও এখন পাহাড়ি আবহাওয়া অনুভূত হচ্ছে। সকাল থেকেই দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যাচ্ছে। শীতের হাত থেকে বাঁচতে সোয়েটার, জ্যাকেট, টুপি ও মাফলার পরে বাইরে বের হচ্ছেন মানুষ। পাশাপাশি ঠান্ডার আমেজে শরীর গরম করতে সকাল সকাল চায়ের দোকানগুলিতে ভিড় জমছে।
অন্যদিকে, উৎসবের মরশুম শেষ হলেও শীতের আমেজ উপভোগ করতে জলপাইগুড়ি জেলা এবং ডুয়ার্সের জঙ্গল ও পাহাড়ি পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়িতে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। চেনা জলপাইগুড়ি যেন শীতের সাজে নতুন করে সেজে উঠেছে।