‘ওল্ড অলওয়েজ গোল্ড’! গুরুদ্বারায় গিয়ে পুরনো দিনের স্মৃতিচারণ মুখ্যমন্ত্রীর!

গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে ডানকুনির গুরুদ্বারায় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরু নানকের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শিখ সম্প্রদায়ের উন্নয়নে একাধিক ঘোষণা করলেন তিনি। ডানকুনিতে গুরু নানকের নামে একটি ভবন তৈরির প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি একটি কমিউনিটি হল নির্মাণের কথাও জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রাজ্যে যদি হজ ভবন থাকতে পারে, তাহলে গুরু নানকের নামে ভবন থাকবে না কেন।

মুখ্যমন্ত্রী বলেন, এই এলাকায় কমিউনিটি হল তৈরির প্রস্তাব অনেক আগেই এসেছিল। তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না। সেই সময়ই কথা দিয়েছিলেন, ক্ষমতায় এলে কমিউনিটি হল তৈরি করে দেবেন। আগে ব্যক্তিগত উদ্যোগে এই এলাকায় কাজ করেছেন, এবার সরকারি উদ্যোগে শিখ সম্প্রদায়ের উন্নয়নে কাজ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। তাঁর কথায়, গুরু নানকের নামে ভবন তৈরি হওয়ার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।

শিখ সম্প্রদায়ের উন্নয়নে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে শুভেন্দু অধিকারী বলেন, আগের সরকার একটি সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দিত। কিন্তু তাঁর সরকার সকলকে সমান সম্মান দেয়। শিখ ও জৈন-সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে প্রশাসন কাজ করবে বলেও জানান তিনি। এ বিষয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যদি হজ ভবন থাকতে পারে, তাহলে গুরু নানকের নামে ভবন থাকবে না কেন।

এ দিন ডানকুনিতে জাতীয় সড়ক সংক্রান্ত সমস্যার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জাতীয় সড়ক নিয়ে যে সমস্যা রয়েছে, আলোচনা করে তা মিটিয়ে নেওয়া হবে। গুরুদ্বারে ঢোকার রাস্তা এক সময় বন্ধ হয়ে গিয়েছিল। পরে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গडকড়ির সহযোগিতায় সেই রাস্তা খুলে দেওয়া সম্ভব হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি রাস্তা চওড়া করার বিষয়টিও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

আসন্ন গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে ডানকুনিতে ক্যাম্প তৈরির পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। ক্যাম্পে পুলিশ ও সরকারি আধিকারিকরা দায়িত্বে থাকবেন। সেবামূলক কাজে শিখ সম্প্রদায়ের সদস্যদের ভূমিকার কথা উল্লেখ করে পুণ্যার্থীদের পরিষেবা দেওয়ার জন্য তাঁদের কাছে অনুরোধ জানান তিনি।

শিখ সম্প্রদায়ের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, ১৪ নভেম্বর কলকাতার বড়বাজারের একটি অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন। ডানকুনির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের আত্মীয় আমি। পুরনো দিনের কথা মনে করে তাঁর মন্তব্য, ওল্ড অলওয়েজ গোল্ড। যখন অন্য কোথাও যাওয়ার সুযোগ মিলত না, তখন তিনি এখানে আসতেন বলেও জানান মুখ্যমন্ত্রী।