ফেয়ারনেস ক্রিম নিয়ে বাড়ছে উদ্বেগ! প্রসাধনী বিক্রিতে রাশ টানছে স্বাস্থ্য দফতর!

যেখানে-সেখানে প্রসাধনী সামগ্রী বিক্রি ও বিতরণে রাশ টানতে কড়া পদক্ষেপ করতে চলেছে কেরল সরকারের স্বাস্থ্য দফতর। বর্তমানে শুধুমাত্র প্রসাধনী তৈরির জন্যই লাইসেন্স লাগে। কিন্তু এবার থেকে কেরলে এই সব সামগ্রী বিক্রি ও বিতরণের ক্ষেত্রে লাইসেন্স এবং রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে চাইছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, রূপচর্চার ফেয়ারনেস ক্রিমসহ নানা প্রসাধনী ব্যবহারের ফলে গুরুতর শারীরিক সমস্যা দেখা দিচ্ছে বলে খবর মিলেছে। এই পরিস্থিতিতেই এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য দফতর। অনলাইনে বিক্রির ক্ষেত্রেও তৈরি হবে বিশেষ নির্দেশিকা। এ বিষয়ে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এবার চাইলেই রূপচর্চার জিনিস যে কেউ বিক্রি করতে পারবেন না, এর জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছে সরকার।

প্রসাধনীর পাশাপাশি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার দিকে ঠিকমতো নজর রাখা ও রিপোর্ট করার জন্য নতুন ব্যবস্থা আনছে স্বাস্থ্য দফতর। এর জন্য কেন্দ্রীয় মনিটরিং সেন্টার ও রাজ্যের সরকারি হাসপাতালগুলিকে এক ছাতার তলায় আনা হবে। পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হবে বিশেষ উপদেষ্টা কমিটি। অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, ক্যানসারের ওষুধ এবং শিশুদের ওষুধের উপর বিশেষ নজর রাখা হবে। চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টদের পাশাপাশি এবার রোগী এবং তাঁদের পরিজনরাও সরাসরি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। এর জন্য বিশেষ অনলাইন অভিযোগ জানানোর ব্যবস্থাও চালু করবে স্বাস্থ্য দফতর।