“পাক সেনার বুটের লাথি খেয়ে বাঁচতে হত”!-তারেক সরকারকে তোপ শেখ হাসিনার

বাংলাদেশ স্বাধীন না হলে দেশের মানুষকে পাকিস্তানি বাহিনীর অত্যাচার সহ্য করতে হতো এবং পাক সেনার বুটের লাথি খেয়েই বাঁচতে হতো—এমন মন্তব্য করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, দেশে হেফাজতে থাকা বন্দিদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, মুক্তিযোদ্ধাদের নিশানা করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে।

বাংলাদেশ আওয়ামী লিগের ভার্চুয়াল অনুষ্ঠান ‘দায়মুক্তি লাইভ’-এর ৯৮তম পর্বে জুমের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে দলের নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁদের ওপর হামলার অভিযোগ তুলে ধরেন। সেই প্রেক্ষিতেই বর্তমান সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি।

বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ
শেখ হাসিনার অভিযোগ, কারাগারে বন্দিদের ওপর ভয়াবহ শারীরিক নির্যাতন চালানো হচ্ছে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। তাঁর বক্তব্য, এই দায়মুক্তির সময়ে শহিদদের পরিবারের যন্ত্রণার কথা সামনে এসেছে; হত্যার আগে ও কারাবন্দি অবস্থায় অনেকের ওপর নির্মম অত্যাচার চালানো হয়েছে।

তিনি আরও দাবি করেন, ওষুধ ও চিকিৎসা না পেয়ে নির্যাতনের পর বন্দিদের মৃত্যু ঘটছে, অথচ পরিবারের সদস্যদের মৃত্যুর খবর পর্যন্ত জানানো হচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করে ঢাকার রামপুরা ও বংশাল এলাকার কয়েকটি ঘটনার প্রসঙ্গও টানেন আওয়ামী লিগ নেত্রী।

মুক্তিযোদ্ধা খুন নিয়ে সরব হাসিনা
১৯৭১ সালের মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলির হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শেখ হাসিনা। অভিযোগ অনুযায়ী, ময়মনসিংহের ধোবাউড়ায় ওই মুক্তিযোদ্ধাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। হাসিনার দাবি, এটি কেবল একজন মুক্তিযোদ্ধার ওপর হামলা নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ওপর আঘাত।

তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার চেয়ে জঘন্য আর কী হতে পারে। তাঁর অভিযোগ, একের পর এক মুক্তিযোদ্ধাকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হচ্ছে এবং স্বাধীনতার প্রতীক ধ্বংস করা হচ্ছে; অথচ মুক্তিযোদ্ধারা না থাকলে বাংলাদেশ স্বাধীনই হতো না।

মুজিবের প্রসঙ্গ ও লকডাউন ঘিরে উত্তেজনা
বক্তব্যে নিজের বাবা তথা বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে হাসিনা দাবি করেন, স্বাধীন দেশ ও জাতীয় পরিচয় দিতে মুজিব জীবন উৎসর্গ করেছিলেন, কিন্তু তাঁর হত্যাকাণ্ডে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা অসম্পূর্ণ থেকে যায়।

এদিকে, আওয়ামী লিগের দু’দিনের দেশজুড়ে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। একাধিক জায়গায় রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগের খবর মিলেছে; দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঞ্চলগুলোতেও বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ১২০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির প্রকাশিত ছবি ও ভিডিয়োতে গোপালগঞ্জ ও ফরিদপুরে গাছ ফেলে পথ আটকে দেওয়া এবং রাস্তায় আগুন জ্বালানোর দৃশ্য দেখা গেছে।

নড়াইলে হামলার অভিযোগ ও সরকারের কড়া বার্তা
এর আগে গত সপ্তাহে নড়াইল জেলায় আওয়ামী লিগ নেতা-কর্মীদের বাড়ি ও দোকানে হামলার অভিযোগ ওঠে। দুই বিএনপি নেতার হত্যার বদলা নিতেই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-সংশ্লিষ্ট ব্যক্তিরা এই হামলা চালিয়েছেন বলে দাবি করা হয়। ‘ঢাকা ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় ২০ থেকে ২৫টি বসতবাড়ির ৫০টির বেশি ঘর পুড়ে যায় এবং বারদিয়া বাজারের একাধিক দোকানে আগুন লাগে।

গত ২০ নভেম্বর বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই হামলায় জড়িতদের সন্ত্রাসবাদী গোষ্ঠী আখ্যা দিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। অন্যদিকে, লালমনিরহাটের এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক খুন ও অগ্নিসংযোগের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বলেন, অনেক হয়েছে; সন্ত্রাসবাদী, অগ্নিসংযোগকারী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে।