‘সিনেমাজগতে এসব স্বাভাবিক’, মদ্যপানে রাজি না হওয়ায় প্রশ্নের মুখে চিরঞ্জীবী! কী ঘটেছিল ৪৮ বছর আগে?

দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। কয়েক দশকের অভিনয়জীবনে নিজের প্রতিভা ও পরিশ্রমের জোরে তৈরি করেছেন স্বতন্ত্র পরিচিতি। তবে সাফল্যের এই শিখরে পৌঁছনোর পথটা মোটেও সহজ ছিল না। অভিনয়জীবনের একেবারে শুরুর দিকে এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি, যেখানে বন্ধুদের চাপে নিজের নীতির সঙ্গে আপস করতে হয়নি তাঁকে। সম্প্রতি সেই পুরনো স্মৃতিই ভাগ করে নিয়েছেন অভিনেতা।

অভিনয়ের স্বপ্ন নিয়ে চেন্নাইয়ে পাড়ি

সম্প্রতি হায়দরাবাদে আয়োজিত একটি নেশামুক্ত ভারত কর্মসূচিতে যোগ দিয়েছিলেন চিরঞ্জীবী। সেখানেই জীবনের শুরুর দিকের একটি অভিজ্ঞতার কথা জানান তিনি। প্রায় ৪৮ বছর আগে, মাত্র ২২ বছর বয়সে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে চেন্নাইয়ের একটি ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন তিনি। তখন নিজের জায়গা তৈরি করার লড়াই চলছে তাঁর।

সেই সময় এক বন্ধুর সঙ্গে পন্ডি বাজারে চা খেতে গিয়েছিলেন চিরঞ্জীবী। সেখানে কয়েকজন জুনিয়র আর্টিস্টের সঙ্গে আলাপ হয় তাঁর। অভিনেতার কথায়, বহু শিল্পী ও সিনেমার সঙ্গে যুক্ত কর্মী মাঝেমধ্যেই ওই জায়গায় আড্ডা দিতে আসতেন। তাঁকে কিছুটা নার্ভাস দেখে কয়েকজন বিয়ার খাওয়ার পরামর্শ দেন।

‘সিনেমাজগতে এসব খুব স্বাভাবিক’

কিন্তু তাঁদের প্রস্তাবে রাজি হননি চিরঞ্জীবী। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি মদ্যপান করেন না। তবে সেই উত্তর শুনে থেমে থাকেননি উপস্থিত ব্যক্তিরা। তাঁদের যুক্তি ছিল, সিনেমাজগতে সামাজিক মেলামেশা এবং পরিচিতি তৈরির জন্য পার্টিতে যোগ দেওয়া নাকি খুবই স্বাভাবিক বিষয়। এমনকী, ভালো সুযোগ পেতে হলে এই ধরনের আড্ডায় অংশ নেওয়া প্রয়োজন বলেও তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়।

কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন চিরঞ্জীবী। তিনি একজন হনুমানভক্ত। তাই মদ্যপানের প্রস্তাবে সম্মতি জানাননি। উল্টে তাঁকে প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল। বলা হয়েছিল, যখন আরও অনেকে অভিনেতা হওয়ার চেষ্টা করছেন, তখন তিনি নিজেকে নায়ক হওয়ার যোগ্য মনে করছেন কীভাবে?

ঘটনাটি সেই তরুণ অভিনেতাকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। এর পর আর কখনও পন্ডি বাজারে যাননি তিনি।

প্রবীণ সদস্যের পরামর্শেই বদলে যায় ভাবনা

তবে সেই সময় ইন্ডাস্ট্রির এক প্রবীণ সদস্য তাঁকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। অন্যের চাপে নিজের সিদ্ধান্ত না বদলে অভিনয়ের স্বপ্ন পূরণের দিকেই মনোযোগ দিতে বলেছিলেন তিনি। সেই পরামর্শ মনে গেঁথে নিয়েছিলেন চিরঞ্জীবী। অপ্রয়োজনীয় আড্ডা বা অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে চিরঞ্জীবী জানান, নিজের স্বপ্ন পূরণের ইচ্ছাই তাঁকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল। পন্ডি বাজারে আর ফিরে যাননি তিনি। বরং ভবিষ্যৎ গড়ার দিকেই মন দিয়েছিলেন। আর সেই একাগ্রতা ও দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই আজ তিনি দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মেগাস্টার।