‘পাকিস্তানের বুটের লাথি খেতে হতো’, মুক্তিযোদ্ধাদের নিয়ে হাসিনার বিস্ফোরক মন্তব্য

 বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে বর্তমান সরকারকে কড়া বার্তা দিয়েছেন। আওয়ামী লীগের ৯৮তম ভার্চুয়াল ‘দায়মুক্তি’ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের systematically নিশানা করা হচ্ছে। হেফাজতে মৃত্যু হচ্ছে তাঁদের, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। হাসিনার স্পষ্টবার্তা, “মুক্তিযোদ্ধাদের জন্যই স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। নইলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো।”

জুম কলে ওই অনুষ্ঠানে হাসিনা বলেন, “দায়মুক্তির এই যুগে দাঁড়িয়ে শহিদদের সঙ্গে ঘটা ঘটনা শুনলাম। অবর্ণনীয় কষ্ট ভোগ করেছে পরিবারগুলি। এই মৃত্যুগুলি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বন্দি অবস্থায় খুন হওয়ার আগে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। নৃশংস অত্যাচার, নিপীড়ন চলেছে তাঁদের উপর।” তিনি প্রশ্ন তোলেন, জেলবন্দিদের কেন চিকিৎসা হচ্ছে না, কেন তাঁদের উপর অত্যাচার চলছে। ঢাকা ও রামপুরের সাম্প্রতিক ঘটনাবলীর উল্লেখও করেন তিনি।

হাসিনা অভিযোগ করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে, মুক্তিযোদ্ধাদের ভূমিকাকে খাটো করা হচ্ছে। ময়মনসিংহে এক মুক্তিযোদ্ধাকে খুন করে গাছে দেহ ঝুলিয়ে দেওয়ার ঘটনার নিন্দা করে তিনি বলেন, “এর চেয়ে জঘন্য অপরাধ আর কী হতে পারে? মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলিকে হত্যা করা হয়েছে। একেবারে পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে একে একে। স্বাধীনতার সমস্ত চিহ্ন ধ্বংস করে দিচ্ছে।”

বাবার প্রসঙ্গ টেনে হাসিনা দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নতির শিখরে পৌঁছে যেত, দেশের মানুষকে এত কষ্টের মধ্যে দিয়ে যেতে হতো না। তিনি ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে আগেই জানিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের তরফে এখনও পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু করা হয়নি তাঁর। ফলে ফেরা নিয়ে পরিস্থিতি এখনও টালমাটাল।

হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকেই বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়িয়েছে। আওয়ামী লীগের তরফে গোটা দেশে দু’দিনের লকডাউন ঘোষণা করা হয়। রাস্তা অবরোধের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।