ডিলিমিটেশনের পরেই ‘এক দেশ, এক নির্বাচন’? ২০২৯-এ কার্যকর করার লক্ষ্য কেন্দ্রের

 

 সংসদে আসন পুনর্বিন্যাস বিল পুনরায় পেশ হওয়ার ঠিক আগে, দিল্লির রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের পরবর্তী বড় পরিকল্পনা নিয়ে। সরকারি সূত্রের বরাত দিয়ে খবর, ডিলিমিটেশন বিল পাশ হওয়ার পরেই ‘এক দেশ, এক নির্বাচন’ (One Nation, One Election) সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে উঠে আসবে। তবে প্রশ্ন উঠেছে, নতুন ডিলিমিটেশন কমিশন কি দুই বছরের মধ্যে রিপোর্ট জমা দিয়ে ২০২৯-এর আগে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে?

ডিলিমিটেশন কমিশনের সময়সীমা

সরকারি সূত্রের দাবি, বিল পাশ হওয়ার পর শীঘ্রই কমিশন গঠিত হবে। ২০২৭ ও ২০২৮ সালে প্রকৃত ডিলিমিটেশন প্রক্রিয়া—খসড়া প্রকাশ, জনমত শোনা ও শুনানি—সম্পন্ন হওয়ার কথা। পুরো প্রক্রিয়ায় দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। নতুন নির্বাচনী মানচিত্র ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশনের চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারপতি। প্রধান নির্বাচন কমিশনার বা তাঁর মনোনীত নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনার সদস্য থাকবেন।

‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে সরকারের তৎপরতা

‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির (JPC) চেয়ারম্যান পি.পি. চৌধুরী আগেই দাবি করেছেন, ২০২৮ সালের মধ্যে সাংবিধানিক সংশোধনী সংসদে পাশ হলে ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন সম্ভব। তবে তিনি স্পষ্ট করেছেন, কোনো রাজ্যকে জোর করে বিধানসভা ভেঙে দেওয়া যাবে না—সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রিপরিষদের উপর নির্ভর করবে। কমিটি ইতিমধ্যে একাধিক রাজ্য সফর করে মুখ্যমন্ত্রী, আইনজীবী ও নাগরিক সমাজের মতামত নিয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতিসহ আইনি বিশেষজ্ঞদের মত, এই ব্যবস্থা সংবিধান বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী নয়