বিলাসবহুল এসইউভিতে গরুপাচার! সাঁকতোড়িয়ায় হাতেনাতে গ্রেপ্তার ২ পাচারকারী

কুলটি থানার সাঁকতোড়িয়া এলাকা থেকে গরু চুরি ও পাচারের তদন্তে নেমে অভিযানে সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। অভিযোগ, নজর এড়াতে বিলাসবহুল এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালে চাপিয়ে গরুপাচার করা হচ্ছিল; এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সাঁকতোড়িয়া ফাঁড়ি এলাকায় বেশ কিছুদিন ধরে একাধিক বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটছিল। গোপনে তদন্ত শুরু করে একটি সূত্র মারফত বিলাল কুরেশি এবং আকবর কুরেশি ওরফে গাপ্পু নামে দুই পাচারকারীর নাম জানতে পারেন তদন্তকারীরা। তাঁরা দু’জনেই সাঁকতোড়িয়ার কুরেশি মহল্লার বাসিন্দা বলে জানা গেছে।

প্রমাণসহ অভিযুক্তদের ধরতে গোপনে নজরদারি শুরু করে সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রেলপাড় এলাকায় অভিযান চালানো হয় এবং একটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ির পিছনের অংশে বাঁধা অবস্থায় দু’টি গরুকে উদ্ধার করে পুলিশ।

এরপর গাড়ি ও গরু-সহ দুই অভিযুক্তকে আটক করে ফাঁড়িতে নিয়ে এসে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সাধারণ মানুষের সন্দেহ এড়ানো এবং পুলিশের তল্লাশির হাত থেকে বাঁচতেই পাচারের কাজে বিলাসবহুল চারচাকা গাড়ি ব্যবহার করা হচ্ছিল। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, এই চক্রে আর কারা জড়িত, গরুগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর নেপথ্যে কোনও বড় মাথা রয়েছে কি না, তা জানতে ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত চালানো হচ্ছে।