নীরবে বাড়ছে বড় বিপদ! পুরুষদের এই স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে দ্বিধা করলেই চরম মাশুল, কী বলছেন বিশেষজ্ঞ?

কাজের ব্যস্ততা এবং পারিবারিক ও ব্যক্তিগত দায়িত্ব সামলাতে গিয়ে অনেক পুরুষই নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিতে ভুলে যান। এর মধ্যেও সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এমন কিছু শারীরিক সমস্যা থাকে যা নিয়ে অনেকেই দ্বিধা বা সংকোচের কারণে খোলাখুলি কথা বলতে চান না। হৃৎপিণ্ড, লিভার বা কিডনির মতো পরিচিত অঙ্গের সমস্যায় মানুষ কিছুটা সচেতন হলেও, অন্য অনেক গুরুত্বপূর্ণ উপসর্গ উপেক্ষিত থেকে যায়। সময়মতো আলোচনা ও চিকিৎসা শুরু না করলে সেগুলি গুরুতর আকার নিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, দীর্ঘদিনের মানসিক চাপ, অনিয়মিত জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পুরুষদের স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই সংকোচ সরিয়ে রেখে লক্ষণগুলি বোঝা এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, যাতে শুরুতেই সমস্যার সমাধান করা যায়।

প্রোস্টেটের সমস্যা ও সতর্কতা

বেঙ্গালুরুর নারায়ণা হেলথ সিটির ইউরো অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ প্রশান্ত এম. কুলকার্নি জানান, প্রোস্টেট সংক্রান্ত সমস্যা নিয়ে পুরুষরা প্রায়শই কথা বলতে এড়িয়ে চলেন কিংবা এর প্রাথমিক লক্ষণগুলি ঠিকমতো ধরতে পারেন না। তাঁর মতে, বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাবের বেগ আসা, প্রস্রাবের ধারায় অনিয়ম, প্রস্রাব করার পরেও মূত্রথলি পুরোপুরি খালি না হওয়ার অনুভূতি অথবা প্রস্রাব করতে কষ্ট হওয়ার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

বিশেষজ্ঞদের পরামর্শ, শরীরের এই ধরনের সংকেতগুলিকে লজ্জা বা অস্বস্তির আড়ালে চেপে না রেখে শুরুতেই গুরুত্ব দিলে ভবিষ্যতের বড় জটিলতা এড়ানো সম্ভব।