নিয়ম না মানলেই চলবে বুলডোজার! দুর্গাপুরে অবৈধ নির্মাণে কড়া হুঁশিয়ারি মন্ত্রীর

অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিতে শুরু করেছে প্রশাসন। দুর্গাপুর পুরনিগমে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাফ জানিয়ে দিয়েছেন যে নির্মাণ সংক্রান্ত নিয়ম বা আইনি নোটিশ অমান্য করা হলে সরাসরি বুলডোজার চালানো হবে। বেআইনি নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলে স্পষ্ট করেছেন তিনি।
মন্ত্রী জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে নোটিশ পাঠানোর পরেও নির্ধারিত শুনানিতে অভিযুক্ত প্রোমোটাররা অনুপস্থিত থাকলে বা নির্দেশ না মানলে কোনো রকম ছাড় না দিয়ে বুলডোজার দিয়ে সেই অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। শিল্পাঞ্চল দুর্গাপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই সরকারি ও পুরনিগমের জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠছিল। এর ফলে শহরের নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এই পরিস্থিতি মোকাবিলায় গতকাল দুর্গাপুর পুরনিগমের আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অগ্নিমিত্রা পাল।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সরকারি জমি কারও ব্যক্তিগত সম্পত্তি নয় এবং সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থেই এই জমিগুলো ব্যবহার করা হবে। যাঁরা জমি দখল করে বাড়ি বা দোকান তৈরি করেছেন, তাঁদের চিহ্নিত করে ইতিমধ্যেই নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কড়া সুরে তিনি যোগ করেন, আইনি প্রক্রিয়া মেনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দখলদারদের নিজেদের বক্তব্য জানানোর বা নির্মাণ সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তবে নোটিশ পাওয়ার পরও কেউ ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকলে বা প্রশাসনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে।
দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে পুরনিগমের অনুমোদন নিয়ে বহু বহুতল আবাসন তৈরি হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, একশ্রেণির অসাধু প্রোমোটার অনুমোদিত বিল্ডিং প্ল্যানের বাইরে গিয়ে অতিরিক্ত নির্মাণ করেছেন। এ প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, প্রোমোটাররা এসে নিজেদের ভুল স্বীকার করে নির্ধারিত জরিমানা দিলে তাঁদের সম্মান ও ভবন রক্ষা পাবে; অন্যথায় তাঁদের চোখের সামনেই বুলডোজার দিয়ে সেই ভবন গুঁড়িয়ে দেওয়া হবে।
মন্ত্রীর এই কড়া বার্তার পরই তৎপরতা বাড়িয়েছে দুর্গাপুর পুরনিগম। পুরনিগম সূত্রে খবর, শহরের কোন কোন ওয়ার্ডে সরকারি জমি বেদখল হয়েছে এবং কোথায় নিয়ম বহির্ভূতভাবে বহুতল গড়ে উঠেছে, তার পূর্ণাঙ্গ তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। খুব শীঘ্রই পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে উচ্ছেद অভিযান শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে, যা নিয়ে বেআইনি দখলদারদের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়েছে।