নিকট আত্মীয়ের বিয়েতে কি নতুন আইন? কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের, নেপথ্যে কোন বড় ঝুঁকি?

নিকট রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের ক্ষেত্রে নতুন আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই বিষয়ে কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। তবে কোনও নতুন আইন তৈরির নির্দেশ আদালত দিচ্ছে না বলে স্পষ্ট করেছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। তাদের বক্তব্য, জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে অবগত ও সচেতন করাই আদালতের মূল উদ্দেশ্য।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে বেঞ্চ জানায়, নিকট আত্মীয়ের মধ্যে বিয়ের মতো দীর্ঘদিনের সামাজিক প্রথা নিয়ন্ত্রণ করার এক্তিয়ার আদালতের নেই। এ ধরনের বিষয়ে সামাজিক সংস্কারের স্বার্থে আইন তৈরি করা সম্পূর্ণভাবে আইনসভার দায়িত্ব। তবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও জনস্বার্থের কথা মাথায় রেখে কেন্দ্র প্রয়োজনীয় আইন অথবা বিভিন্ন মাধ্যমে জনসচেতনতা প্রচারের বিষয়টি বিবেচনা করতে পারে।

বেঙ্গালুরুর বাসিন্দা এবং আইনপড়ুয়া চার্বি এস এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। তাঁর দাবি, নিকট রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের ফলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জিনগত ও বংশগত অসুস্থতার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। অথচ বহু পুরনো সামাজিক প্রথা ও রীতির দোহাই দিয়ে এমন বিয়ে আজও আইনত বৈধতা পাচ্ছে। তাই বিষয়টি নিয়ে নতুন করে ভাবনাচিন্তা ও পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

আবেদনকারীর আইনজীবী অঞ্জুমান ত্রিপাঠি আদালতে সওয়াল করেন, বিভিন্ন চিকিৎসা গবেষণায় উঠে এসেছে যে নিকট আত্মীয়ের মধ্যে বিয়ের ফলে সন্তানের মধ্যে বংশগত রোগ, জন্মগত শারীরিক ত্রুটি, দৃষ্টি ও শ্রবণশক্তির সমস্যা এবং বিকাশজনিত প্রতিবন্ধকতার ঝুঁকি বাড়ে। এমনকি শিশুমৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। বিশেষত গ্রামীণ সমাজে কাজিন বা ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে বিয়ের প্রচলন থাকলেও এর সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে অধিকাংশ পরিবারেরই পর্যাপ্ত ধারণা থাকে না বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এই মামলার সঙ্গে আবেদনকারী তাঁর নিজের অভিজ্ঞতাও তুলে ধরেছেন। তাঁর দাবি, তিনি ৪০ শতাংশ দৃষ্টিশক্তিজনিত প্রতিবন্ধকতায় ভুগছেন, এবং তাঁর বাবা-মায়ের বিয়েও হয়েছিল নিকট রক্তের সম্পর্কের মধ্যে—যা তাঁদের সম্প্রদায়ের প্রথা মেনেই হয়েছিল।

আবেদনে হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-এর ৫ নম্বর ধারার ৪ ও ৫ উপধারার সাংবিধানিক ও বাস্তব দিক নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ওই দুই বিধানে নিষিদ্ধ আত্মীয়তার সম্পর্ক এবং সপিণ্ড সম্পর্কের মধ্যে বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট প্রথা বা রীতির ভিত্তিতে ছাড় দেওয়ার সংস্থান রয়েছে। আবেদনকারীর আর্জি, এমন বিয়ের ক্ষেত্রে আগেভাগে জেনেটিক কাউন্সেলিং, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে অবহিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা বাধ্যতামূলক করা হোক।

তবে শুনানি চলাকালীন আদালত স্মরণ করিয়ে দেয়, বিয়ে একান্তই ব্যক্তিগত পছন্দের বিষয় এবং সামাজিক প্রথার জটিলতাও এর সঙ্গে জড়িত। ফলে সংবেদনশীল এই প্রেক্ষাপটে সরকার কী অবস্থান নেয়, সেদিকেই এখন নজর রয়েছে।