ধনতেরাসের বাজারে বেরিয়ে নরকে নরক হাল! দিল্লির রাজপথে তীব্র যানজটে আটকে স্থবির হয়ে গেল জনজীবন

উৎসবের মরশুম ও ধনতেরাসের কেনাকাটার ভিড়ে কার্যত ভেঙে পড়ল জাতীয় রাজধানী দিল্লির যান চলাচল ব্যবস্থা। শুক্রবার উৎসবের আনন্দ উপভোগ করতে এবং কেনাকাটা সারতে সাধারণ মানুষ রাস্তায় নামতেই শহরের বিভিন্ন প্রধান এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। রাস্তায় গাড়ি, বাইক, ট্যাক্সি থেকে শুরু করে বাস—সবকিছুকেই যেন হামাগুড়ি দিয়ে চলতে দেখা গেছে।

পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, শহরের কিছু কিছু অংশে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেও মানুষের প্রায় আধ ঘণ্টা বা তার বেশি সময় লেগে যায়। বাজারের ভিড় এবং রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপ বাড়ার কারণে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় দিল্লিবাসীকে। বিশেষ করে নিজামুদ্দিন এলাকায় যানজট ছিল সবচেয়ে তীব্র। রাস্তার দু’ধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যানবাহনকে, যার ফলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে ট্রাফিকের ফাঁদে আটকে থাকেন যাত্রীরা।

একই ছবি ধরা পড়েছে শহরের অন্যান্য ব্যস্ত অঞ্চলেও। কনট প্লেস থেকে শুরু করে অভিজাত খান মার্কেট—সর্বত্রই ছিল যানবাহনের দীর্ঘ সারি ও শ্লথ গতি। ধনতেরাসের কেনাকাটায় মানুষের উপচে পড়া ভিড় সামাল দিতে এবং যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশকে বেশ হিমশিম খেতে হয়। উৎসবের আনন্দের মাঝেও এই তীব্র যানজট সাধারণ মানুষের সমস্ত উৎসাহে জল ঢেলে দিয়েছে।