দেশে ফিরেই ভবানী ভবনে তলব, স্বস্তি মিলল না হাইকোর্টেও! বৃহস্পতিবার মুখবন্ধ খামে কী জমা দেবে পুলিশ?

বীরভূমের প্রভাবশালী পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের দায়ের করা দুটি আবেদনেরই শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশে রক্ষাকবচ নিয়ে দেশে ফিরলেও, তাঁর বিরুদ্ধে জারি হওয়া লুকআউট সার্কুলার এবং দায়ের হওয়া এফআইআর (FIR) খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু। শুক্রবার দুটি আলাদা বেঞ্চে মামলাগুলির প্রাথমিক শুনানি হলেও রাজ্যের আবেদনের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার, ২৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
দেশের শীর্ষ আদালত টুলু মণ্ডলকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছে। অর্থাৎ, এই সময়সীমার মধ্যে পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারবে না বা তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনেই গত সোমবার, ১৭ নভেম্বর দেশে ফেরেন তিনি। দেশে ফিরেই আইনি বিপাক এড়াতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে লুকআউট নোটিস ও এফআইআর খারিজের আবেদন জানান। উল্লেখ্য, এর আগেও দু’বার রক্ষাকবচ চেয়ে জেলা আদালত ও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি, তবে দু’বারই তাঁর আবেদন খারিজ হয়ে যায়।
শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাও এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের পৃথক দুটি বেঞ্চে মামলা দুটির শুনানি হয়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে টুলু মণ্ডলের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, তাঁর বিরুদ্ধে আদৌ কোনো লুকআউট সার্কুলার জারি করা হয়েছে কি না। শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী এই প্রশ্নের তীব্র কটাক্ষ করে বলেন, “তাঁর বিরুদ্ধে কী তদন্ত হচ্ছে, না হচ্ছে, পুলিশ কি তাঁকে সবকিছু জানাবে?”
এরপর বিচারপতি কৃষ্ণা রাও এই বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চাইলে সরকারি কৌঁসুলিরা জানান, আগামী বৃহস্পতিবার নাজিবুদ্দিনের বিরুদ্ধে এখন পর্যন্ত হওয়া সমস্ত তদন্তের রিপোর্ট মুখবন্ধ খামে আদালতে পেশ করা হবে। অন্যদিকে, এফআইআর খারিজের মামলাটিতেও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে সময় চেয়ে নেয় রাজ্য। ফলে দুটি মামলারই পরবর্তী শুনানি হবে আগামী ২৬ নভেম্বর।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের তিন সপ্তাহের রক্ষাকবচ নিয়ে দেশে ফেরার পরপরই টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব করেছে রাজ্য পুলিশ। সম্প্রতি নিউটাউনে একটি গাড়ি থেকে নগদ পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ টাকার উৎস বীরভূমের অবৈধ পাথর খাদান।