বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভয়াবহ কাণ্ড! লখনউয়ে বাড়িতে ঢুকে তরুণীর মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ

উত্তরপ্রদেশের লখনউয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবতীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে ৩৫ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, তরুণীর বাড়িতে ঢুকে তাঁর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে অভিযুক্ত। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর বাবা ও মাকেও ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনায় মোট চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

রবিবার ভোরে লখনউয়ের উদয়গঞ্জ এলাকার হুসেনগঞ্জ থানা এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্তের নাম তৌসিফ ওরফে মুন্না। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৪(১) এবং ১০৯(১) ধারায় মামলা দায়ের হয়েছে।

বাড়িতে ঢুকে অ্যাসিড ছোড়ার অভিযোগ

পুলিশ ও অভিযোগকারীর বয়ান অনুযায়ী, রবিবার ভোর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে পুরনো আইস ফ্যাক্টরি এলাকার বাসিন্দা শাহনওয়াজের বাড়িতে জোর করে ঢুকে পড়ে তৌসিফ। এরপর শাহনওয়াজের মেয়ে সানিয়াকে বিয়ের প্রস্তাব দেয় সে। সানিয়া সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ।

অ্যাসিডের আঘাতে সানিয়ার মুখ-সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। মেয়েকে বাঁচাতে তাঁর বাবা শাহনওয়াজ ও মা আসমা এগিয়ে এলে তাঁদের উপর ছুরি নিয়ে হামলা চালায় অভিযুক্ত। এই ঘটনায় তাঁরাও গুরুতর আহত হন।

দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চাপ দেওয়ার অভিযোগ

ঘটনায় অভিযোগ দায়ের করেছেন শাহনওয়াজের ভাই মহম্মদ লাইক। তাঁর দাবি, তৌসিফ তাঁদের দূরসম্পর্কের আত্মীয় এবং একই এলাকায় বসবাস করত। দীর্ঘদিন ধরেই সানিয়াকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল সে। কিন্তু সানিয়া রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বাড়িতে ঢুকে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।

কেজিএমইউয়ের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন চারজন

আহত সানিয়া, তাঁর বাবা শাহনওয়াজ এবং মা আসমাকে দ্রুত কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির (কেজিএমইউ) ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

লখনউ পুলিশের সেন্ট্রাল জোনের ডেপুটি কমিশনার অর্পিত বিজয়বর্গীয় ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, অভিযুক্ত তরুণীর দূরসম্পর্কের আত্মীয়। আহত চারজনই কেজিএমইউয়ের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।