দুর্গাপুর কাণ্ডে মমতার মন্তব্যে তীব্র আক্রমণ ওড়িশার! ‘৪ কোটি ৯০ লক্ষ মহিলার অপমান’, বিস্ফোরক উপ-মুখ্যমন্ত্রী প্রভাতী পরিদা

দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীর গণধর্ষণ কাণ্ড নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। গতকাল দমদম বিমানবন্দরে তিনি বলেছিলেন, মেয়েদের রাতে বাইরে যাওয়া উচিত নয়। যদিও পরে আলিপুরদুয়ারে তিনি দাবি করেন, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে। এবার মমতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন ওডিশার উপ-মুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা।
‘দিদি’ হতাশ করেছেন:
প্রভাতী পারিদা বলেন, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য “অপমান” এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী, যাঁকে ‘দিদি’ বলা হয়, তিনি এমন মন্তব্য করে “হতাশ” করেছেন।
পারিদা তাঁর ‘এক্স’ (X) হ্যান্ডলে লেখেন, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুধু তাঁকে নয়, পশ্চিমবঙ্গের ৪ কোটি ৯০ লক্ষ মহিলাকেও “বিস্মিত ও অপমানিত” করেছে। তিনি মনে করেন, নারী-পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা বা মেয়েদের অধিকার নিয়ে প্রশ্ন তোলার পরিবর্তে মুখ্যমন্ত্রীর উচিত ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করা।
‘লিখিতভাবে জানান’:
ওডিশার উপ-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য আরও দাবি করেন যে, যদি তিনি ওড়িয়া নির্যাতিতার প্রতি কোনো সহানুভূতি না রাখেন, তবে তিনি যেন ওডিশা সরকারকে তা লিখিতভাবে জানান।
এছাড়াও, ওড়িশা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভনা মোহান্তিও বাংলার মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, “তিনি (মমতা) বেদনা অনুভব করেন না।” শোভনাও বাংলার মুখ্যমন্ত্রীকে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, দুর্গাপুরের এই গণধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হলেও, মূল অভিযুক্ত অধরাই রয়েছে। এই ঘটনায় রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।