দুর্গাপুরে খুনের পরই তীব্র রাজনৈতিক তরজা! অভিযুক্তদের আটকে তদন্তে নামল পুলিশ, নেপথ্যে কি অন্য কোনো রহস্য?

জমি সংক্রান্ত পুরনো বিবাদ নাকি রাজনৈতিক শত্রুতা? ঠিক কী কারণে প্রাণ হারাতে হলো এক বিজেপি যুবনেতাকে— তা নিয়েই এখন চরম উত্তপ্ত পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। ফরিদপুর থানার জব্বরপল্লিতে ৩৫ বছর বয়সি এক বিজেপি যুবনেতার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। পরিবারের অভিযোগ, লোহার রড, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে একদল দুষ্কৃতী তাঁর ওপর অতর্কিত চড়াও হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
নিহত ওই যুবনেতার নাম শ্যাম কুমার দাস। তিনি পাণ্ডবেশ্বর বিধানসভার ৪ নম্বর মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অজয় নন্দী ও বিজয় নন্দীর সঙ্গে শ্যামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিক ও আইনি বিবাদ চলছিল। বৃহস্পতিবার সেই পুরনো বিরোধ থেকেই নতুন করে চরম অশান্তির সূত্রপাত হয়।
পরিবারের অভিযোগ ও রাজনৈতিক তরজা
মৃতের বাবা পরিমল দাসের অভিযোগ, ঘটনার দিন প্রথমে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শ্যামের ওপর নৃশংসভাবে হামলা চালানো হয়। এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনার পরই ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি। মৃতের পরিবার ও স্থানীয় বিজেপি নেতৃত্বের জোরালো দাবি, এই হামলার পিছনে সরাসরি হাত রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের। বিজেপির মণ্ডল তিনের সভাপতি তারকনাথ ধীবর বিশেষভাবে ‘বাপি সরকার’ নামে এক ব্যক্তির উপস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, অতীতে তৃণমূলের সক্রিয় কর্মী এবং এলাকার চিহ্নিত জমি মাফিয়া বলে পরিচিত বাপি সরকার ঘটনার সময় অভিযুক্তদের সঙ্গেই উপস্থিত ছিল। খুনের রাতে ওই এলাকায় তাঁর উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করা হলেও অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশের পদক্ষপে ও তদন্ত
ঘটনার পরেই ফরিদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে এবং ত্বরিত পদক্ষেপ করে প্রসূন পাণ্ডে ও বিজয় নন্দী নামের দু’জনকে আটক করেছে। তবে মূল অভিযুক্ত অজয় নন্দী এখনও পলাতক রয়েছে এবং তাঁর খোঁজে লাগাতার তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে এই খুন, নাকি নেপথ্যে অন্য কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে— সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুরের এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তের গতিপ্রকৃতির দিকেই এখন নজর সকলের।