দিল্লিতে সুর নরম পাক মন্ত্রীর, সন্ত্রাসবাদের প্রশ্নে এড়িয়ে গেলেন কেন?

সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও সভ্যতামূলক সংলাপ ফোরামে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। শুক্রবার তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়ন, অভিন্ন ইতিহাস এবং বহুপাক্ষিক সংলাপের পক্ষে কথা বললেও, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগের প্রশ্নে সরাসরি কোনো জবাব এড়িয়ে গিয়েছেন।

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মালিক বলেন, বর্তমান সময়ে ভূ-রাজনীতি দ্রুত বদলাচ্ছে এবং এমন পরিস্থিতিতে সংস্কৃতি ও সভ্যতা নিয়ে আলোচনা করা সবচেয়ে সহজ পথ। তাঁর মতে, সভ্যতা কীভাবে মানুষকে প্রভাবিত করেছে, তা নিয়ে কথা বলা একটি ইতিবাচক পদক্ষেপ। এসসিও এই ধরনের মঞ্চ তৈরি করায় তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

তবে সীমান্তপারের সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পাকিস্তানি মন্ত্রী স্পষ্ট উত্তর না দিয়ে জানান, আগামীকাল নিজের বক্তব্য দেওয়ার সময় এ বিষয়ে অনেক কথা হবে। ভারত ও পাকিস্তানের সভ্যতাগত যোগসূত্র নিয়ে তিনি বলেন, সংলাপ সবসময় ভিন্ন ভিন্ন সত্তার মধ্যে হয় এবং বৈচিত্র্যই সংলাপের মূল কথা। ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন ও মধ্য এশিয়ার দেশগুলোর খননস্থলে গেলেই সেই ঐতিহাসিক সংলাপের ছাপ পাওয়া যাবে বলে দাবি করেন তিনি।

এই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে বাড়তি নজর রয়েছে। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর, যেখানে ২৬ জনের মৃত্যু হয়, ভারত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ চালায় এবং ২৩ এপ্রিল সিন্ধু জল চুক্তি স্থগিত করে। ভারতের স্পষ্ট অবস্থান ছিল, পাকিস্তান নির্ভরযোগ্য ও স্থায়ীভাবে সীমান্তপারের সন্ত্রাসবাদে মদত বন্ধ না করা পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত জুনে মুসাদিক মালিক হুঁশিয়ারি দিয়েছিলেন যে পাকিস্তানের জলে হস্তক্ষেপ করার চেষ্টা করলে হাত কেটে নেওয়া হবে। দিল্লিতে আসার আগেও এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সফর কোনো দ্বিপাক্ষিক আমন্ত্রণ বা দ্বিপাক্ষিক বৈঠক নয়, বরং এটি একটি সভ্যতামূলক আলোচনা।