দিওয়ালির মুখে যোগী সরকারের মেগা ধামাকা! বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খটাখট ঢুকছে টাকা

আলোর উৎসবের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে রাজ্যের কোটি কোটি পরিবার ও নারীদের জন্য উপহারের পসরা নিয়ে এল উত্তর প্রদেশ সরকার। দীপাবলি উপলক্ষে রাজ্যের প্রায় ১ কোটি ৮৯ লক্ষেরও বেশি দরিদ্র পরিবারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি রান্নার গ্যাসের (LPG Cylinder) সুবিধা ও মেগা ভর্তুকির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

লখনউয়ের ঐতিহ্যবাহী ‘লোক ভবন অডিটোরিয়ামে’ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সরাসরি একটি মাত্র বোতাম টিপে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র আওতাভুক্ত যোগ্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১,৫০০ কোটি টাকা ডিবিটি (DBT)-র মাধ্যমে সরাসরি পাঠালেন মুখ্যমন্ত্রী।

বিনামূল্যে সিলিন্ডার ও হিসেব বোঝালেন মুখ্যমন্ত্রী: অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রান্নার গ্যাসের ভর্তুকির নিখুঁত অঙ্ক খোলসা করে জানান। তিনি বলেন, বর্তমানে একটি ভর্তুকিযুক্ত ৯৮৩.৪৫ টাকার গ্যাস সিলিন্ডারে কেন্দ্র সরকার দেয় ৩৩৫.৪০ টাকা। এর ফলে সাধারণ গ্রাহককে নিজের পকেট থেকে দিতে হতো অতিরিক্ত ৬৪৮.৫৫ টাকা।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই উৎসবের মরশুমে সেই ৬৪৮.৫৫ টাকার পুরো আর্থিক দায়ভারই রাজ্য সরকার নিজের কাঁধে তুলে নিয়েছে। রাজ্য সরকারের পাঠানো এই বিশেষ অর্থ সাহায্যের ফলে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা সম্পূর্ণ নিখরচায় একটি ভরা সিলিন্ডার পাচ্ছেন। পকেটের সেই বেঁচে যাওয়া ৬৫০ টাকা দিয়ে সাধারণ পরিবারগুলো আনন্দে দিওয়ালির মিষ্টি ও প্রদীপ কিনতে পারবেন।

কৃষক ও নারীদের জন্য মেগা প্যাকেজের সঙ্কেত: শুধু নিখরচায় এলপিজি সিলিন্ডারেই ক্ষান্ত থাকেনি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হওয়া কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে এবং নারীদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভর করে তুলতে খুব শীঘ্রই উত্তর প্রদেশ সরকার ৩ কোটি কৃষক ও নারীদের জন্য আরও একটি মেগা ওয়েলফেয়ার প্যাকেজ প্রকাশ করতে চলেছে।

দীপাবলির শুভ লগ্নে যোগী সরকারের এই ১৫০০ কোটি টাকার বিশেষ উপহার রাজ্যের বিস্তীর্ণ এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিতে এনে দিয়েছে আনন্দের জোয়ার।