“দরজা খুলতে পারি না, গাঁজা খায়!” কাশীপুরে গিয়ে পুলিশকে রুদ্রমূর্তি দেখালেন অগ্নিমিত্রা পাল!

শহরকে আরও স্বচ্ছ, সুন্দর ও নিরাপদ করে তুলতে নিয়মিত পথে নামছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রতিদিন নিজে এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সমস্যা জানা এবং রাস্তাঘাটের হাল খতিয়ে দেখাই তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। জনকল্যাণমূলক এই ভূমিকার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকেও ভূয়সী প্রশংসা পেয়েছেন তিনি। এবার কলকাতা পুরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাশীপুর এলাকায় আচমকা পরিদর্শন চালিয়ে স্থানীয়দের অভাব-অভিযোগ শুনলেন মন্ত্রী।

বুধবার কাশীপুর এলাকায় পরিদর্শনে গিয়েই চরম বিশৃঙ্খলার মুখোমুখি হন অগ্নিমিত্রা পাল। বেহাল ফুটপাত, ভাঙাচোরা শৌচাগার ও নিয়মিত ডাস্টবিন পরিষ্কার না হওয়ার মতো একগুচ্ছ নাগরিক সমস্যার কথা তাঁর কাছে তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তবে সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ ওঠে এলাকার আইনশৃঙ্খলা ও প্রকাশ্য মদ্যপান-মাদক সেবন নিয়ে।

পরিদর্শনের সময় এক স্থানীয় মহিলা মন্ত্রীকে হাতজোড় করে কাতর আরজি জানিয়ে বলেন, “ম্যাডাম, আমরা ঘরে দরজা-জানলা খুলতে পারি না! গলির মুখে সারাদিন গাঁজার আসর বসে।” বাসিন্দাদের মুখে এই অভিযোগ শোনামাত্রই চরম ক্ষুব্ধ হন অগ্নিমিত্রা। ঘটনাস্থল থেকেই স্থানীয় আইসি-কে (IC) কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আইসি সাহেব কী করছেন? আমাদের মা-বোনেরা কেন এমন আতঙ্কে থাকবেন? এলাকায় মদ-গাঁজার আসর বরদাস্ত করা হবে না। আজ রাতের পর থেকে যেন এমন কোনো অভিযোগ আমার কাছে না আসে!”

এর পাশাপাশি বেহাল ফুটপাত দ্রুত সংস্কার এবং নোংরা ডাস্টবিন প্রতিনিয়ত জল দিয়ে ধুয়ে পরিষ্কার রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুভাষিনী ম্যাডামকে সরাসরি নির্দেশ দেন তিনি। শহরবাসীর সুস্থ জীবনের স্বার্থে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী।