দক্ষিণবঙ্গে কি দুর্যোগ কাটছে? উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির তাণ্ডব, আবহাওয়ার বিরাট আপডেট দিল হাওয়া অফিস

দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগ আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু-এক জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামীকাল সকালের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণ আলাদা। জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার দু-এক জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এ ছাড়াও দার্জিলিং, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় একটানা বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যা নতুন করে সাধারণ মানুষের উদ্বেগ বাড়াতে পারে।