‘তোলাবাজ’ মন্ত্রী! মালদায় দাঁড়িয়ে খোদ সতীর্থকেই চরম আক্রমণ হুমায়ুন কবীরের

ভোটের বাদ্যি বাজার আগেই তৃণমূলের অন্দরে ফাটল চওড়া হলো মালদা জেলায়। এবার খোদ রাজ্যের মন্ত্রী তজমুল হোসেনের গড়ে দাঁড়িয়ে তাঁকে ‘তোলাবাজ’ বলে দেগে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। হরিশ্চন্দ্রপুরে এক জনসভা থেকে হুমায়ুনের এই আক্রমণাত্মক মেজাজ এখন রাজ্য রাজনীতির হট টপিক।

হুমায়ুন কবীর এদিন সরাসরি অভিযোগ তোলেন যে, এলাকায় উন্নয়নের বদলে পকেট ভরার রাজনীতি চলছে। তিনি বলেন, “তজমুল হোসেনের মতো লোকজন তোলাবাজি করে দলটাকে নষ্ট করছে। সাধারণ মানুষের টাকা লুঠ হচ্ছে।” নিজের দলের মন্ত্রীর বিরুদ্ধে এমন কড়া শব্দ প্রয়োগের পর স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ঘাসফুল শিবির।

পালটা দিতে দেরি করেননি মন্ত্রী তজমুল হোসেনও। তিনি অত্যন্ত শান্ত মেজাজে হুমায়ুনের এই বক্তব্যকে উড়িয়ে দিয়ে বলেন, “হুমায়ুন কবীর যা বলছেন, তাতে আমি বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না। মালদা জেলায় ওঁর কোনো প্রভাব নেই। মানুষ জানেন কারা কাজ করছে।” তজমুলের দাবি, প্রচারের আলোয় আসতেই হুমায়ুন এমন সব ভিত্তিহীন মন্তব্য করছেন। নির্বাচনের আগে মালদা জেলায় দলের দুই প্রভাবশালী নেতার এই সংঘাত বিরোধী শিবিরের হাতে নতুন অস্ত্র তুলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Pratik Saha
  • Pratik Saha