তুলকালাম রাজধানী! হাসপাতালে শুয়ে রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন আক্রান্ত সাংবাদিক রিচা পরাশর

সোমবার দিল্লিতে এক রাজনৈতিক বিক্ষোভ ও সুপ্রিম কোর্ট অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় রাজধানী। আর এই কর্মসূচি চলাকালীনই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়া এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করার অত্যন্ত গুরুতর অভিযোগ উঠল। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে হাসপাতালের বেডে শুয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে আক্রান্ত মহিলা সাংবাদিক রিচা পরাশরকে।

বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী এক্স হ্যান্ডেলে যে ভিডিওটি শেয়ার করেছেন, তাতে রিচা পরাশর নিজের মুখেই সমস্ত ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সোমবার বিরোধীদের বিক্ষোভ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে তিনি রাহুল গান্ধীর দিকে তাঁর মাইক বাড়িয়ে দিয়েছিলেন। অভিযোগ, সেই সময় রাহুল গান্ধী তাঁকে মাইক সরিয়ে নিতে বলেন এবং মহিলা সাংবাদিক সঙ্গে সঙ্গে তা সরিয়েও নেন। কিন্তু তারপরেই আচমকা রাহুল গান্ধী তাঁর কাঁধ ধরে সজোরে ধাক্কা দেন বলে অভিযোগ। এর জেরে ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান এবং তাঁর ওপর ক্যামেরাম্যানসহ আরও দুই-তিনজন ব্যক্তি পড়ে যান, যার ফলে তিনি গুরুতর চোট পান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। খোদ ওই সাংবাদিকের এই বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শাণিত করেছে বিজেপি।