তিরুমালা তিরুপতি দেবস্থানম-কে ভগবান ভেঙ্কটেশ্বরের জন্য প্রায় ১২১ কেজি সোনার গয়না দান এক প্রবাসী ভারতীয় ভক্তের, মূল্য ১৬০ থেকে ২০৬ কোটি টাকা

কোটি টাকার গয়না দান করলেন এক ‘অন্ধ ভক্ত’। তিরুমালা তিরুপতি দেবস্থানম-কে ভগবান ভেঙ্কটেশ্বরের জন্য প্রায় ১২১ কেজি সোনার গয়না দান করছেন এক প্রবাসী ভারতীয় (এনআরআই) ভক্ত। তিনি নিজের পরিচয় গোপন রেখেছেন।
জানা গিয়েছে, দান করা গয়নাগুলির দাম প্রায় ১৬০ কোটি থেকে ২০৬ কোটি টাকার মধ্যে। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সামনে গয়নাগুলি টিটিডি-কে দেওয়া হবে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে ৪৫টি সোনার গয়না রয়েছে। সেগুলি ন’টি সেটে ভাগ করা। মন্দিরের মূল মূর্তি এবং উৎসবের মূর্তিগুলিকে সাজানোর জন্যই এগুলি বানানো হয়েছে।
এর মধ্যে রয়েছে শ্রীবারীর মুকুট, পদ্ম পাদালু বা পায়ের পাতার অলঙ্কার এবং মূর্তি সাজানোর আরও নানা পুরনো ধাঁচের গয়না।
চেন্নাইয়ের জিআরটি জুয়েলার্সে এই গয়নাগুলি তৈরি হয়েছে। কড়া পাহারায় সেগুলি তিরুমালায় আনা হয়। রঙ্গনায়কুল মণ্ডপমে গয়নাগুলি দেখানোর ব্যবস্থা করেছে টিটিডি। এমনকি তার জন্য বিশেষ কাঠের র্যাক বানানো হয়েছে।
সূচি অনুযায়ী, সকাল ১০টা নাগাদ তিরুপতি হয়ে তিরুমালায় আসবেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বৈকুণ্ঠম কিউ কমপ্লেক্স দিয়ে ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন সেরে বেলা সাড়ে ১১টা নাগাদ এই অনুষ্ঠানে থাকবেন তিনি। মুখ্যমন্ত্রীর সামনেই টিটিডি-র এগজিকিউটিভ অফিসারের হাতে গয়না তুলে দেবেন ওই ভক্ত।
শুক্রবার নতুন গয়না পরানো হবে মূর্তিগুলিকে। এই গয়নাগুলির মধ্যে রয়েছে মুকুট (কিরীটম), কোমরের গয়না (বড্ডানম), হাতের বা বাহুর গয়না (ভুজকীর্তুলু), শঙ্খ ও চক্র (শঙ্খু-চক্রালু) এবং অভয় হস্ত (অভয় হস্তালু)। শাস্ত্রীয় নিয়ম এবং টিটিডি-র রীতি মেনেই সব নকশা তৈরি হয়েছে।
ভারতের ইতিহাসে অন্যতম বড় দান বলে মনে করা হচ্ছে এটিকে। প্রসঙ্গত, তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির দেখাশোনা করে টিটিডি। এটি ভারতের সবচেয়ে ‘ধনী’ মন্দির ট্রাস্ট বলে পরিচিত। এর মোট সম্পদের পরিমাণ প্রায় ২.২৬ লক্ষ কোটি টাকা।
উল্লেখ্য, এই দানের পর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন গয়নাগুলি বিশেষ উৎসব ও অনুষ্ঠানের সময় বিগ্রহকে সাজাতে ব্যবহার করা হবে। ভক্তের পরিচয় গোপন রাখা হলেও এই বিরল দানের ঘটনা ইতিমধ্যেই দেশজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে।
- Pratik Saha
- বৃহস্পতিবার সন্ধ্যায় আইনি বিয়ে সারছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্র মার্চেন্ট নেভির অফিসার সিদ্ধার্থ দত্ত November 26, 2026
- তিরুমালা তিরুপতি দেবস্থানম-কে ভগবান ভেঙ্কটেশ্বরের জন্য প্রায় ১২১ কেজি সোনার গয়না দান এক প্রবাসী ভারতীয় ভক্তের, মূল্য ১৬০ থেকে ২০৬ কোটি টাকা November 26, 2026
- সংবিধান দিবসে সপার 'জন-মন' ইস্তেহার প্রকাশ, মহিলাদের বার্ষিক ৪০ হাজার টাকা পেনশন ও স্বনির্ভরতার জন্য ২ লক্ষ টাকা সহায়তার প্রতিশ্রুতি হতে পারে November 26, 2026
- প্যাকেটজাত খাবারে চিনি, নুন বা স্যাচুরেটেড ফ্যাট নির্ধারিত সীমার বেশি হলে প্রতিটি উপাদানের জন্য আলাদা লাল ষড়ভুজ সতর্কবার্তা রাখতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের November 26, 2026
- কোলাঘাটে ৮,৭০০ কোটি টাকার ২২টি জাতীয় ও রাজ্য মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর, পশ্চিমবঙ্গকে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার ঘোষণা গডকড়ির November 26, 2026