শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান নিয়ে সংসদে হট্টগোল, বিরোধীদের ভূমিকায় ক্ষুব্ধ রাজনাথ সিং

ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লার ঐতিহাসিক মহাকাশ অভিযান নিয়ে লোকসভায় আলোচনার সময় বিরোধীদের হট্টগোলে অধিবেশন ব্যাহত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি পুরো ঘটনাটিকে ‘হতাশাজনক’ আখ্যা দিয়ে বলেছেন, মহাকাশের মতো জাতীয় গর্বের বিষয়কে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে রাখা উচিত ছিল।

সোমবার সকালে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ঘোষণা করেছিলেন যে, শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা এবং তার অভিজ্ঞতার ওপর সংসদে একটি বিশেষ আলোচনা হবে। তিনি বিরোধী দলগুলোকে অনুরোধ করেছিলেন এই জাতীয় গর্বের মুহূর্তে সহযোগিতা করতে। কিন্তু অভিযোগ উঠেছে যে, আলোচনার শুরুতেই বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে এবং সংসদীয় কার্যক্রম ব্যাহত হয়, যার ফলে অধিবেশন মুলতুবি করে দিতে হয়।

রাজনাথ সিং তার ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “আজ লোকসভায় ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা নিয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল, তাতে বিরোধীরা যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করল তা অত্যন্ত দুঃখজনক। এই বিষয়টি দেশের গর্ব, আত্মসম্মান এবং ভবিষ্যতের বিজ্ঞান ও নিরাপত্তার সঙ্গে জড়িত। বিরোধীরা এতে অংশ নিয়ে গঠনমূলক সমালোচনা ও প্রস্তাব রাখতে পারতেন, কিন্তু তারা তা না করে কার্যক্রম ব্যাহত করলেন।” তিনি আরও বলেন, ২১ শতকের বৈজ্ঞানিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়কে রাজনীতির বাইরে রাখা উচিত ছিল।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও বিরোধীদের কাছে আবেদন জানিয়ে বলেন, “সরকার বা বিজেপির সঙ্গে আপনাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু এই আলোচনার বিষয় একজন মহাকাশচারী ও বায়ুসেনা আধিকারিক, যিনি দেশকে গর্বিত করেছেন। অন্তত আমাদের বিজ্ঞানী ও মহাকাশচারীদের উৎসাহ দিন।” কিন্তু তার আবেদনও হট্টগোল থামাতে ব্যর্থ হয়।

অন্যদিকে, কংগ্রেস সাংসদ শশী তারুর বিরোধীদের অনুপস্থিতিতে এক্সে লিখেছেন, “আমরা সবাই কমান্ডার শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক অভিযানে গর্বিত। তার যাত্রা আমাদের গগনযান মানব মহাকাশ কর্মসূচির জন্য একটি বড় পদক্ষেপ। তার অভিজ্ঞতা থেকে ইসরো যে তথ্য পেয়েছে, তা মহাকাশ মিশনকে আরও নিরাপদ ও নিখুঁত করতে সাহায্য করবে।”

উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ২৫শে জুন নাসার অ্যাক্সিওম-৪ মহাকাশ মিশনের অংশ হিসেবে মহাকাশে যান এবং ১৫ই জুলাই পৃথিবীতে ফিরে আসেন। তিনি ভারতের দ্বিতীয় মহাকাশচারী। এর আগে ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন।