ডিভোর্সের পর কি ফের বিয়ের পিঁড়িতে বসবেন স্বপ্না চৌধুরী? ‘যোগ্য কাউকে পেলে…’— বড় ইঙ্গিত হরিয়ানভি কুইনের!ডিভোর্সের পর কি ফের বিয়ের পিঁড়িতে বসবেন স্বপ্না চৌধুরী? ‘যোগ্য কাউকে পেলে…’— বড় ইঙ্গিত হরিয়ানভি কুইনের!

মঞ্চ কাঁপানো নাচ আর স্পষ্টভাষী স্বভাবের জন্য বরাবরই চর্চায় থাকেন হরিয়ানভি তারকা স্বপ্না চৌধুরী। তবে বর্তমানে পেশাগত জীবনের চেয়েও নিজের ব্যক্তিগত জীবন এবং স্বামী বীর সাহুর সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন ঘিরে শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের সম্পর্ক ভাঙার যন্ত্রণা, বিচ্ছেদের আবেদন এবং ভবিষ্যতে দ্বিতীয় বিয়ের সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন স্বপ্না।
দ্বিতীয় বিয়ে নিয়ে কী বললেন স্বপ্না?
সাক্ষাৎকারে স্বপ্না চৌধুরীকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ভবিষ্যতে দ্বিতীয়বার বিয়ের কথা ভাবছেন? প্রশ্নের উত্তরে প্রথমেই কোনো দ্বিধা না রেখে স্পষ্ট ‘না’ বলে দেন অভিনেত্রী।
এরপর সঞ্চালক তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে ভালোবাসা জীবনের যেকোনো সময়েই আসতে পারে এবং দ্বিতীয়বার সংসার পাতায় কোনো দোষ নেই। জবাবে নিজের অবস্থান পরিষ্কার করে স্বপ্না বলেন, “আমার মনে হয় ভালোবাসা এমন কোনো বিষয় নয় যা হুট করে বা এমনি এমনি হয়ে যায়। অন্তত আমার মতো মেয়ের ক্ষেত্রে তো এমনটা একেবারেই সম্ভব নয়।”
প্রেম ও যোগ্য জীবনসঙ্গী নিয়ে শর্ত
নিজেকে অত্যন্ত আবেগপ্রবণ মানুষ হিসেবে ব্যাখ্যা করে স্বপ্না আরও জানান, সম্পর্কের ক্ষেত্রে তিনি গভীরতায় বিশ্বাসী। তাঁর কথায়, “আমি আগেই বলেছি, আমি ভীষণ আবেগপ্রবণ। ভালোবাসা আমার কাছে সহজ কোনো ব্যাপার নয়। আমি কাউকে ভালোবাসলে মনপ্রাণ দিয়ে গভীরভাবেই ভালোবাসি। ভবিষ্যতে যদি কখনো এমন কাউকে পাই যে সত্যিই সেই ভালোবাসার যোগ্য, তখন না হয় ভেবে দেখা যাবে। তবে আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই।”
স্বপ্নার এই স্পষ্ট বক্তব্যের পর নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনুরাগীদের একাংশ তাঁর আত্মসম্মানবোধ ও স্পষ্টবাদিতার প্রশংসা করলেও, বিচ্ছেদের খবরে মন খারাপ বহু ভক্তের।