‘ডিএ-র ফাঁক আর থাকবে না!’ সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চড়ছে পারদ

পুজোর মরশুমের জোড়া উপহারের রেশ কাটতে না কাটতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের তৈরি হলো নতুন জল্পনা। সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) আনুষ্ঠানিকভাবে চালুর আগেই কি রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও এক দফায় বাড়তে চলেছে মহার্ঘ ভাতা (DA)? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক এক তাৎপর্যপূর্ণ বার্তাকে ঘিরে এখন নবান্ন থেকে জেলা দপ্তরগুলিতে তীব্র চর্চা শুরু হয়েছে।

পুজোর বোনাস ও ২০ শতাংশ বর্ধিত ডিএ:অক্টোবর মাসেই রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকেছিল উৎসবের উপহার— অগ্রিম বেতন এবং ২০ শতাংশ বর্ধিত ডিএ। যা নিয়ে কর্মীদের একাংশের মধ্যে দীর্ঘদিন ধরে জমা হওয়া অসন্তোষ কিছুটা হলেও প্রশমিত হয়েছিল। তবে আসল নজর এখন সপ্তম পে কমিশনের চূড়ান্ত বাস্তবায়নের দিকে।

সপ্তম বেতন কমিশন নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস:চলতি বছরেই প্রাক্তন সিনিয়র আইএএস আধিকারিক নবীন প্রকাশের নেতৃত্বে গঠন করা হয়েছে সপ্তম বেতন কমিশন। ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন কমিশন কার্যকর করার প্রক্রিয়া ইতিমধ্যেই দ্রুতগতিতে এগোচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী, পদ ও বেতন কাঠামোর বিস্তারিত তথ্য পোর্টালে সংগ্রহের কাজ জোরকদমে চলছে।

এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানান, “ক্ষমতায় এসেই আমরা সপ্তম পে কমিশন তৈরি করে দিয়েছি। দেশে একমাত্র বাংলাতেই এর কাজ থমকে ছিল। কমিশনের রিপোর্ট হাতে পেলেই দ্রুত তা কার্যকর করা হবে।” একইসঙ্গে কেন্দ্রের সমান হারের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাকও খুব শীঘ্রই শূন্যে নামিয়ে আনা হবে বলে স্পষ্ট ইঙ্গিত দেন তিনি।

তবে কি পে কমিশনের আগেই ফের ডিএ বৃদ্ধি?মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই বিশেষজ্ঞ ও কর্মচারী সংগঠনগুলির মধ্যে নতুন করে জল্পনা তুঙ্গে উঠেছে। ওয়াকিবহাল মহলের মতে, সপ্তম পে কমিশনের সুপারিশ পুরোপুরি কার্যকর হতে যেটুকু সময় লাগবে, তার অন্তর্বর্তীকালীন সময়ে কেন্দ্রের সমতুল্য হারে পৌঁছাতে রাজ্য সরকার আরও এক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে।

সপ্তম পে কমিশনের পে-ম্যাট্রিক্স কার্যকর হওয়া এবং বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের পরবর্তী মেগা পদক্ষেপ ঠিক কী হতে চলেছে, সেদিকেই এখন পলকহীন নজর লাখ লাখ সরকারি কর্মীর।

Aditi Banik
  • Aditi Banik