ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ ভারতের এন্ট্রি! মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় এবার বড় ভূমিকায় দিল্লি

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ ‘বোর্ড অফ পিস’ (Board of Peace)-এ অবশেষে শামিল হলো ভারত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে আয়োজিত এই বোর্ডের প্রথম বৈঠকে ‘পর্যবেক্ষক’ বা ‘অবজার্ভার’ রাষ্ট্র হিসেবে অংশ নিল নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে এই হাই-প্রোফাইল বৈঠকে প্রতিনিধিত্ব করেন ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ নমগ্যা চোডেন খাম্পা।

গত ২২ জানুয়ারি দাভোসে এই বোর্ডের ঘোষণা করেছিলেন ট্রাম্প। গাজায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠন তদারকি করাই এই বোর্ডের মূল লক্ষ্য। ভারত শুরুতে এই উদ্যোগে যোগ দেওয়া নিয়ে কিছুটা দোটানায় থাকলেও, বৃহস্পতিবারের উপস্থিতি স্পষ্ট করে দিল যে বিশ্বশান্তি রক্ষায় ট্রাম্পের এই নয়া সমীকরণে সঙ্গী হতে আগ্রহী মোদী সরকার।

বৈঠকের গুরুত্বপূর্ণ তথ্য:

সদস্য দেশ: ইজরায়েল, পাকিস্তান, কাতার, সৌদি আরব এবং তুরস্কের মতো ২৭টি দেশ পূর্ণাঙ্গ সদস্য হিসেবে রয়েছে।

ভারতের ভূমিকা: ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ‘পর্যবেক্ষক’ হিসেবে এই শান্তি প্রক্রিয়ার ওপর নজর রাখবে।

প্রতিনিধি: ২০০০ ব্যাচের দুঁদে আইএফএস অফিসার নমগ্যা সি খাম্পা ভারতের মুখ হিসেবে সভায় যোগ দেন, যাঁর নেপাল, চিন ও রাষ্ট্রপুঞ্জে কাজের বিশাল অভিজ্ঞতা রয়েছে।

ট্রাম্পের দাবি, এই বোর্ড আগামী দিনে রাষ্ট্রপুঞ্জের একটি বিকল্প ও শক্তিশালী পরিপূরক হিসেবে কাজ করবে। গাজা ও হামাসের যুদ্ধবিরতি তদারকিতে ভারতের এই অংশগ্রহণ মধ্যপ্রাচ্যে নয়াদিল্লির ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবেরই প্রতিফলন।