টাটাকে কি সজ্ঞানে ধ্বংস করা হচ্ছে? শিল্পমহলের নীরবতা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল গান্ধী!

দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী টাটা (TATA Group)-র অন্দরে চলা চরম টালমাটাল ও বর্তমান সংকটজনক পরিস্থিতি নিয়ে এবার কেন্দ্র সরকারকে সরাসরি আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। টাটা গোষ্ঠীকে সুকৌশলে ‘ধ্বংস’ করে দেওয়া হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টাটা গ্রুপের বর্তমান সংকটাবস্থার দিকে আঙুল তুলে রাহুল লেখেন, “অপরাধমূলকভাবে টাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, অথচ দেশের কোনো বাণিজ্যিক নেতা এর বিরুদ্ধে একটিও কথা বলার সাহস পাচ্ছেন না।”

শিল্পপতিদের উদ্দেশ্যে রাহুল আরও প্রশ্ন তোলেন, “আর কতদিন আপনারা এভাবে নিশ্চুপ থাকবেন? কি আপনাদের ওপরও একই কোপ না পড়া পর্যন্ত এই মৌনতা ভাঙবে না?” তিনি হুংকার দিয়ে বলেন যে, ভারতের ব্যবসা-বাণিজ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোনো খেলার বস্তু নয়। ব্যবসায়ীদের মধ্যে সাহসের অভাব থাকলেও কংগ্রেসের মধ্যে সাহসের কোনো কমতি নেই এবং এই অপরাধের সঠিক বিচার তারা করে দেখাবেন। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ভোটচুরির অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (I.N.D.I.A)-র প্রতিবাদ আন্দোলনকে কেন্দ্র করে যখন রাজনৈতিক পারদ চড়ছে, ঠিক তখনই রাহুল গান্ধীর এই মন্তব্য নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

বেশ কিছুদিন ধরেই নানা সংকটে জর্জরিত রয়েছে টাটা গোষ্ঠী। সম্প্রতি শেয়ার বাজারে তালিকাভুক্ত না হয়ে একটি প্রাইভেট কোম্পানি হিসেবেই নিজেদের অস্তিত্ব বজায় রাখার আবেদন জানিয়েছিল টাটা সন্স। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সেই আবেদন সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। নিয়মবিধি মেনে টাটা সন্সকে স্টক এক্সচেঞ্জে আবশ্যিকভাবে আইপিও (IPO) আনতে এবং বাজারে নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বাধ্যতামূলক নীতিই এখন গোষ্ঠীটির অন্দরে বড়সড় ধাক্কা দিয়েছে।

শুধু তাই নয়, টাটা গ্রুপের সর্বোচ্চ নেতৃত্ব নিয়েও শুরু হয়েছে তীব্র কোন্দল ও আইনি টানাপোড়েন। সংস্থার বর্তমান প্রধান এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগে প্রকাশ্যেই আপত্তি জানিয়েছেন নোয়েল টাটা। এই বিবাদ ইতিমধ্যেই গড়িয়েছে আদালত পর্যন্ত। এই পরিস্থিতিতে পার্সি সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় বিশ্বজুড়ে থাকা একাধিক প্রভাবশালী সংগঠন—যেমন ‘দ্য বম্বে পার্সি পঞ্চায়েত’, ‘দ্য ফেডারেশন অফ পার্সি জোরাথ্রাস্টিয়ান আঞ্জুমান্স অফ ইন্ডিয়া’, ‘দ্য ফেডারেশন অফ জোরাথ্রাস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন্স অফ নর্থ আমেরিকা’ সহ মোট ছয়টি শীর্ষস্থানীয় সংস্থা সরকারকে চিঠি পাঠিয়েছে। তাদের জোরালো আবেদন, টাটা সন্সকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার জন্য অতিরিক্ত চাপ না দিয়ে এটিকে একটি প্রাইভেট সংস্থা হিসেবেই বহাল রাখা হোক। সব মিলিয়ে টাটা গোষ্ঠীর কর্পোরেট দ্বন্দ্ব ও রাজনৈতিক তরজায় উত্তপ্ত হয়ে উঠেছে দেশের অর্থনীতি ও রাজনীতির অঙ্গন।