জেলে গিয়ে সুজিত বসুকে জেরা সিবিআই-এর! পুর নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়

পৌর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। আদালতের সবুজ সংকেত পাওয়ার পর শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল কারাগারে পৌঁছে তাঁর বয়ান রেকর্ড করছে বলে সূত্রের খবর।

তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ। অভিযোগ উঠেছে, ওই পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ক্ষেত্রে সুজিত বসুর সুপারিশ ছিল। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও আর্থিক লেনদেনের যোগসূত্র খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, একাধিক ব্যক্তির বয়ান থেকেই প্রাক্তন মন্ত্রীর নাম সামনে আসে। তদন্তের স্বার্থে সুজিত বসুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছিল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায় এবং অয়ন শীলকে জেরা করেও একই ধরনের তথ্য উঠে আসে।

এর পরেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় সিবিআই। আদালত তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করার পর শনিবার তাঁকে জেলে গিয়ে জেরা করার প্রক্রিয়া শুরু হয়।

উল্লেখ্য, এই মামলায় গত ১১ মে গ্রেফতার হন সুজিত বসু। পুরসভা নিয়োগ দুর্নীতিতে তাঁর হাতে নগদ ২০ কোটি টাকা পৌঁছেছিল বলে চার্জশিটে দাবি করেছিল ইডি। গ্রেফতারির ৬০ দিনের মাথায় বিশেষ আদালতে জমা দেওয়া ১৮৬ পাতার মূল চার্জশিটে সুজিত বসুর পাশাপাশি তাঁর ছেলে সমুদ্র বসু, তাঁদের দুটি সংস্থা এবং পুর ও নগরোন্নয়ন দফতরের তৎকালীন আধিকারিক জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। জ্যোতিষ্মানের মাধ্যমে ৩ কোটি টাকা এসেছিল বলেও অভিযোগ করেছিল ইডি।