চেন্নাইবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান! ৪,৯০০ কোটির মেট্রো প্রকল্পের উদ্বোধন করে কী করলেন প্রধানমন্ত্রী?

৪,৯০০ কোটি টাকার প্রজেক্ট! চেন্নাই মেট্রো ফেজ-২ এর নতুন রুট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

দক্ষিণ ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইলফলক তৈরি হলো। রবিবার চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের (Phase II) অধীনে পুভলিম্ব (Poonamallee) থেকে ভাদাপালানি (Vadapalani) পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ নতুন রুটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৪,৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রুটটি চালুর ফলে চেন্নাইয়ের পশ্চিমের শহরতলিগুলির সঙ্গে সরাসরি মূল শহরের যোগাযোগ ব্যবস্থা আরও অনেক বেশি সুগম ও দ্রুততর হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এবং রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যৌথভাবে নতুন এই মেট্রো পরিষেবাগুলির সূচনা করেন। শুধু তাই নয়, উদ্বোধনের পর সাধারণ যাত্রীদের মতো টিকিট কেটে খোদ প্রধানমন্ত্রী পোরুর বাইপাস স্টেশন থেকে পুভলিম্ব বাইপাস স্টেশন পর্যন্ত মেট্রোয় চড়ে যাতায়াত করেন। এমনকি ট্রেনের ভেতরে তিনি টিকিট কাউন্টারের কর্মীদের সঙ্গেও সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, চেন্নাই মেট্রোর ফেজ-২ এর চতুর্থ করিডোরের (Yellow Line) অন্তর্গত এই ১৫ কিলোমিটার দীর্ঘ অংশটিতে মোট ১১টি উন্নতমানের এলিভেটেড স্টেশন রয়েছে। এর পাশাপাশি এই রুটে রয়েছে অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা যা আগামী দিনে চালকহীন ট্রেন চলাচলের উপযুক্ত পরিকাঠামো প্রদান করবে।

উল্লেখ্য, শুধু মেট্রো প্রকল্পই নয়, এর পাশাপাশি তামিলনাড়ুতে ১৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক সড়ক, রেল ও বন্দর পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। নতুন এই মেট্রো পরিষেবা চালুর ফলে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের সময় বাঁচবে এবং যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।