চিনের সঙ্গে কমছে ব্যবধান! এশিয়ার দ্বিতীয় কার্যকর নেতা মোদী, কী বলছে নতুন রিপোর্ট?

এশিয়ার শক্তিধর দেশগুলোর তালিকায় নিজের অবস্থান আরও মজবুত করেছে ভারত। পাশাপাশি চিনের সঙ্গে সামগ্রিক ক্ষমতার ব্যবধানও গত আট বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে। অস্ট্রেলিয়ার গবেষণা সংস্থা লাউই ইনস্টিটিউটের ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে এই তথ্য উঠে এসেছে। ওই রিপোর্টে এশিয়ার সবচেয়ে কার্যকর আঞ্চলিক নেতাদের তালিকায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরেই জায়গা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও চিন। ভারতের সামগ্রিক ক্ষমতার স্কোর বেড়ে হয়েছে ৪০.৫, যা গত বছরের তুলনায় ০.৫ পয়েন্ট বেশি। তবে চিনের সামগ্রিক ক্ষমতা এখনও ভারতের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

২০১৮ সাল থেকে এই সূচক প্রকাশ করছে লাউই ইনস্টিটিউট। অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি, কূটনৈতিক প্রভাব এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ আটটি মাপকাঠিতে দেশগুলোর অবস্থান যাচাই করা হয়।

নেতৃত্বের মূল্যায়নে কী উঠে এল?

রিপোর্টের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে বিশেষজ্ঞদের মূল্যায়ন। আঞ্চলিক নেতৃত্বের সূচকে ভারত তিন ধাপ এগিয়েছে এবং শি জিনপিংয়ের পরেই দ্বিতীয় কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন নরেন্দ্র মোদী।

লাউই ইনস্টিটিউটের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় ভারতের তুলনামূলক কম কূটনৈতিক সক্রিয়তা আন্তর্জাতিক নেতৃত্বের মূল্যায়নে প্রভাব ফেলেছে। বিশেষ করে ভারতের আয়োজিত সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর ফেরার পথে একটি ইরানি যুদ্ধজাহাজ মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যাওয়ার ঘটনায় নয়াদিল্লির সীমিত প্রতিক্রিয়ার বিষয়টিও রিপোর্টে উঠে এসেছে।

অর্থনীতি ও প্রতিরক্ষা ক্ষেত্রে চিত্র

অর্থনৈতিক সক্ষমতার বিভাগে ভারতের স্কোর সামান্য কমে ২৬.৪ হয়েছে। দুর্বল টাকা, আইএমএফের হিসাব পদ্ধতিতে বদল এবং বিদেশে ভারতীয় বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়াকে এর পেছনের কারণ হিসেবে দেখিয়েছে সংস্থাটি। তবে ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনার স্কোর বেড়ে ৫৬.২ হয়েছে।

অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায় এই বিভাগে ভারতের স্কোর দাঁড়িয়েছে ১৮.৬ এবং দেশ দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রিকেও এই অগ্রগতির একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে পাকিস্তান উঠে এসেছে ১৬ নম্বরে। আমেরিকা ও ইরানের সংঘর্ষবিরতি আলোচনায় ইসলামাবাদের ভূমিকা তাদের কূটনৈতিক প্রভাব বাড়িয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে।