ঘুরে আসুন বিশ্বের সেরা শহরগুলোতে! টাইম আউটের নতুন তালিকা থেকে বেছে নিন আপনার ড্রিম ডেস্টিনেশন

টোকিওর ব্যস্ত রাস্তা থেকে শুরু করে এডিনবরার ঐতিহাসিক সৌন্দর্য—কিছু শহর পর্যটকদের চিরাচরিত ঘোরার বাইরেও দারুণ কিছু অভিজ্ঞতা দেয়। ২০২৬ সালে ঘোরার জন্য বিশ্বের সেরা শহরগুলোর তালিকা প্রকাশ করেছে টাইম আউট। সংস্কৃতি, খাবার, নাইটলাইফ, সৃজনশীলতা এবং জীবনযাত্রার মানের ওপর ভিত্তি করে এই গন্তব্যগুলো বেছে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা, পর্যটন বিশেষজ্ঞ এবং সম্পাদকদের মতামতের ভিত্তিতে প্রতি বছর এই তালিকা তৈরি করা হয়। এবারের তালিকায় কেপ টাউন থেকে শুরু করে সিউল পর্যন্ত বিভিন্ন মহাদেশের এমন কিছু শহরের নাম রয়েছে, যেখানে ঐতিহাসিক নিদর্শন, আধুনিক স্থাপত্য আর দারুণ খাবারের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। লুকানো ক্যাফে খোঁজা বা শহরের আকাশচুম্বী ভবনগুলো দেখা—যেকোনো অভিজ্ঞতার জন্যই এই শহরগুলো আপনার পরবর্তী ট্রিপের জন্য পারফেক্ট।
নিচে টাইম আউটের ২০২৬ সালের তালিকার সেরা ১০টি শহরের বিবরণ দেওয়া হলো:
১. কেপ টাউন: প্রাকৃতিক সৌন্দর্য, আউটডোর অ্যাক্টিভিটি আর শহুরে সংস্কৃতির দারুণ এক মিশেল এই কেপ টাউন। টেবিল মাউন্টেনের জন্য শহরটি সবচেয়ে বেশি পরিচিত, যেখান থেকে পুরো শহরের অসাধারণ ভিউ পাওয়া যায়। এখানকার ক্লিফটন আর ক্যাম্পস বে বিচে পর্যটকরা সময় কাটাতে পারেন। এছাড়া ঐতিহাসিক রবেন আইল্যান্ড ঘুরতে পারেন বা চ্যাপম্যানস পিক ধরে লং ড্রাইভে যেতে পারেন। এখানকার খাবার আর ওয়াইন কালচারও পর্যটকদের দারুণ টানে।
২. টোকিও: ঐতিহ্যবাহী জাপানি সংস্কৃতি আর আধুনিক শহুরে জীবনের এমন মিশেল খুব কম শহরেই দেখা যায়। এখানকার এলাকাগুলো আপনাকে একেকরকম অভিজ্ঞতা দেবে—কোথাও শান্ত মন্দির, তো কোথাও ব্যস্ত শপিং মল। পর্যটকরা আসাকুসার সেনসো-জি মন্দির ঘুরে দেখতে পারেন, বিখ্যাত শিবুইয়া ক্রসিংয়ের অভিজ্ঞতা নিতে পারেন বা শিনজুকুর নাইটলাইফ উপভোগ করতে পারেন। ভোজনরসিকদের জন্যও এটি দারুণ জায়গা। চমৎকার ট্রান্সপোর্ট ব্যবস্থা আর অফুরন্ত বিনোদনের জন্য টোকিও সবসময়ই সেরা।
৩. মেলবোর্ন: দারুণ শিল্পচর্চা, ক্যাফে, স্ট্রিট কালচার আর দারুণ সব রেস্তোরাঁর জন্য মেলবোর্ন অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। ফিটজরয়, কার্লটন বা সেন্ট কিল্ডার মতো এলাকাগুলোর নিজস্ব আলাদা বৈচিত্র্য রয়েছে। এখানকার বিখ্যাত গলিগুলো রঙিন স্ট্রিট আর্ট আর লুকানো ক্যাফের জন্য বেশ জনপ্রিয়। নানা দেশের খাবার, স্পোর্টস ইভেন্ট আর মিউজিক ফেস্টিভ্যাল এই শহরের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। এছাড়া গ্রেট ওশান রোড ধরে লম্বা জার্নি পর্যটকদের অন্যতম আকর্ষণ।
৪. ব্যাংকক: ব্যাংকক তার প্রাণবন্ত পরিবেশ, রঙিন বাজার, সুন্দর মন্দির আর বিখ্যাত স্ট্রিট ফুডের জন্য পরিচিত। ঐতিহ্যবাহী এলাকার পাশাপাশি আধুনিক শপিং মলের এক অদ্ভুত বৈপরীত্য দেখা যায় থাইল্যান্ডের এই রাজধানীতে। দ্য গ্র্যান্ড প্যালেস আর ওয়াট ফ্রা কায়েও এখানকার সবচেয়ে পরিচিত আকর্ষণ। অন্যদিকে চাতুচাক উইকেন্ড মার্কেটে কেনাকাটার জন্য ভিড় জমান পর্যটকরা। প্যাড থাই থেকে শুরু করে ম্যাংগো স্টিকি রাইস—এখানকার স্ট্রিট ফুডের স্বাদ না নিলেই নয়।
৫. এডিনবরা: ঐতিহাসিক স্থাপত্য, সাহিত্য আর আধুনিক শিল্পকলার দারুণ এক মেলবন্ধন এই এডিনবরা। এখানকার ঐতিহাসিক ওল্ড টাউনের ওপর দাঁড়িয়ে থাকা এডিনবরা ক্যাসল শহরের অন্যতম প্রধান আকর্ষণ। দ্য রয়্যাল মাইল এখানকার সবচেয়ে পরিচিত রাস্তা, যেখানে অনেক পুরনো পাব আর দোকান রয়েছে। যারা ট্রেকিং ভালোবাসেন, তারা আর্থারস সিটে উঠতে পারেন। এছাড়া বিশ্বজুড়ে বিখ্যাত ফেস্টিভ্যাল ফ্রিঞ্জের জন্যও এই শহর বেশ পরিচিত।
৬. মেক্সিকো সিটি: শিল্প, ইতিহাস আর খাবারের জন্য মেক্সিকো সিটি পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আদিবাসী ঐতিহ্য আর স্প্যানিশ সংস্কৃতির ছাপ রয়েছে এখানে। মেট্রোপলিটন ক্যাথেড্রাল আর টেম্পলো মেয়রের মতো ঐতিহাসিক নিদর্শন রয়েছে এই শহরে। ফ্রিডা কাহলোর মতো বিখ্যাত মেক্সিকান শিল্পীদের জাদুঘরগুলো শিল্পপ্রেমীদের টানে। রোমা আর কন্ডেসার মতো এলাকাগুলো তাদের ক্যাফে, গ্যালারি আর নাইটলাইফের জন্য পরিচিত।
৭. লন্ডন: রাজকীয় ইতিহাস, শপিং আর বিনোদনের জন্য লন্ডন বরাবরই পর্যটকদের টানে। বাকিংহাম প্যালেস, টাওয়ার অফ লন্ডন আর ওয়েস্টমিনস্টার অ্যাবের মতো বিখ্যাত সব জায়গা রয়েছে এই শহরে। ব্রিটিশ মিউজিয়াম আর টেট মডার্নের মতো জাদুঘরগুলো ইতিহাসপ্রেমীদের জন্য দারুণ গন্তব্য। ক্যামডেন, নটিং হিল আর শোরডিচের মতো জায়গাগুলো আলাদা আলাদা অভিজ্ঞতার স্বাদ দেয়। বৈচিত্র্যময় খাবার আর থিয়েটারের জন্য লন্ডন বিশ্বজুড়ে সমাদৃত।
৮. সাংহাই: চীনের দ্রুত বদলে যাওয়া শহুরে রূপের দেখা মেলে সাংহাইতে। এখানে একদিকে যেমন ভবিষ্যতের স্কাইস্ক্র্যাপার রয়েছে, তেমনই রয়েছে ঐতিহাসিক স্থাপত্য। পুডং এলাকায় সাংহাই টাওয়ারের মতো আকাশচুম্বী ভবন রয়েছে, আবার দ্য বান্ড থেকে হোয়াংপু নদীর ধারের ঐতিহাসিক ভবনগুলো দেখা যায়। আধুনিক স্থাপত্য আর দারুণ সব খাবারের জন্য সাংহাই দারুণ এক গন্তব্য।
৯. নিউ ইয়র্ক: নিউ ইয়র্ক বিশ্বের সবচেয়ে পরিচিত শহরগুলোর একটি। পর্যটকরা সেন্ট্রাল পার্কে ঘুরতে পারেন, স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পারেন বা টাইমস স্কোয়ারের আলো ঝলমলে পরিবেশে সময় কাটাতে পারেন। ব্রডওয়ের থিয়েটারগুলো সারাবছরই দর্শক টানে। ব্রুকলিন, সোহো বা হারলেমের মতো এলাকাগুলোর নিজস্ব আলাদা পরিচিতি রয়েছে। বিশ্বের প্রায় সব ধরনের খাবার এই শহরের রেস্তোরাঁগুলোতে পাওয়া যায়।
১০. সিউল রাজধানী অঞ্চল: প্রাচীন ঐতিহ্য আর আধুনিক কোরিয়ান সংস্কৃতির মিশেল এই সিউল। দক্ষিণ কোরিয়ার এই রাজধানী শহরটি এখন ফ্যাশন, বিনোদন আর প্রযুক্তির জন্য আন্তর্জাতিক গন্তব্যে পরিণত হয়েছে। গায়ংবোকগুং প্যালেস দেশের রাজকীয় ইতিহাসের সাক্ষী, আবার গ্যাংনাম এলাকাটি আধুনিক লাইফস্টাইলের প্রতীক। কোরিয়ান বারবিকিউ আর উদ্ভাবনী রেস্তোরাঁগুলো ভোজনরসিকদের দারুণ পছন্দের।