‘মৃত্যু কামনা করেন অনেকে, চোখে জল চলে আসে’—বিগ বসের পর ট্রোলিংয়ে ভেঙে পড়লেন ঝিলম!

হাসি, মজা আর গানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ ঝিলম গুপ্ত। কিন্তু ক্যামেরার সামনে সদাহাস্যময় থাকা এই ইনফ্লুয়েন্সরের ভিতরে যে এতটা মানসিক যন্ত্রণা জমে রয়েছে, তা সম্প্রতি তাঁর এক দীর্ঘ ফেসবুক পোস্টে সামনে এসেছে। ‘বিগ বস বাংলা’ থেকে বেরিয়ে আসার পর থেকেই নেটপাড়ার একাংশের লাগাতার কটাক্ষ ও বিদ্বেষের শিকার হচ্ছেন তিনি। এমনকি তাঁর মৃত্যু কামনা করেও মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেছেন ঝিলম।

নিজের পোস্টে ঝিলম লিখেছেন, সোশ্যাল মিডিয়া না থাকলে তিনি হয়তো কখনোই জানতেন না যে তাঁর প্রতি এত মানুষের মনে ঘৃণা জমে আছে। তাঁর প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে নানা কুরুচিকর মন্তব্য আসছে। কারও কথায় তাঁর জন্মকেই পাপ বলা হচ্ছে, আবার কেউ সরাসরি তাঁর মৃত্যু কামনা করছেন। এড়িয়ে চলতে চাইলেও এই সব মন্তব্য চোখের সামনে চলে আসায় কান্না পায় এবং নিজেকে অসহায় লাগে বলে জানিয়েছেন তিনি।

ক্ষোভ ও আক্ষেপের সুরে ঝিলমের প্রশ্ন, তিনি চোর-ডাকাত নন, কারও ক্ষতি বা অধিকার হরণ করেননি। একটি রিয়্যালিটি শোয়ে অংশ নেওয়া এবং সেখানে হয়তো কারও অপছন্দের হওয়ার কারণেই কি এমন চরম ঘৃণার মুখে পড়তে হবে?

নিজের কষ্টের পাশাপাশি পরিবারের কথা ভেবেও দুশ্চিন্তায় রয়েছেন ঝিলম। তিনি জানিয়েছেন, তাঁর বাবাও সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যগুলি দেখেন। ফলে সবসময় একটি অস্বস্তি ও আতঙ্ক কাজ করে যে, কখন বাবা এই প্রসঙ্গ তুলবেন।

মানসিক চাপের পাশাপাশি শারীরিক সমস্যার মধ্যেও রয়েছেন তিনি। নিয়মিত উচ্চ রক্তচাপ ও হৃদ্‌যন্ত্রের ওষুধ খেতে হয় তাঁকে, এবং সম্প্রতি পিত্তথলিতে পাথরের কারণে অস্ত্রোপচারও হয়েছে। অস্ত্রোপচারের ধকল সামলে কাজে ফিরলেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন বলে জানিয়েছেন ঝিলম। ঘনিষ্ঠরা থেরাপিস্টের পরামর্শ দিলেও এখনো সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি তিনি।