গাড়ির ভেতরেই আইবি আধিকারিককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য বাঁচলেন এসপি

উত্তরাখণ্ডে চাঞ্চল্যকর ঘটনায় ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-র এক আধিকারিককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তাঁরই গাড়িচালকের বিরুদ্ধে। গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় ওই চালক আচমকা গুলি চালান বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে রক্ষা পান আইবি-র পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক সিপি নৌটিয়াল। গুলিটি তাঁর কপালের খুব কাছ দিয়ে বেরিয়ে যায়। ঘটনায় সামান্য চোট পেলেও আপাতত বিপদমুক্ত আছেন তিনি। ইতিমধ্যেই অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ এবং তাঁর কাছ থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিপি নৌটিয়াল হরিদ্বারে আইবি-র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা এসপি পদে কর্মরত। ঘটনার সময় তিনি নিজের গাড়িতে বসেছিলেন। সেই সময় অস্থায়ীভাবে নিযুক্ত ওই চালক আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। আচমকা এই ঘটনায় হতভম্ব হয়ে যান ওই আধিকারিক। গুলিটি কপালের অত্যন্ত কাছ দিয়ে চলে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পান তিনি। সামান্য আহত হলেও তাঁর চোট গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
তদন্তে কী দেখছে পুলিশ?
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত চালককে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার হয়েছে। চালকের হাতে আগ্নেয়াস্ত্র কীভাবে এল, কোথা থেকে তা আনা হয়েছিল এবং কী কারণে তিনি গুলি চালিয়েছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার সময় গাড়ির ভেতরে কী ঘটেছিল, তাও জানার চেষ্টা চলছে।
হরিদ্বারের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নবনীত সিং ভুল্লার জানিয়েছেন, গুলির ঘটনায় সিপি নৌটিয়াল সামান্য আহত হন এবং দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পুলিশ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত চালককে অস্থায়ী ভিত্তিতে কাজে নেওয়া হয়েছিল। তাঁর সঙ্গে নৌটিয়ালের সম্পর্ক কেমন ছিল এবং কাজের জায়গায় কোনও বিরোধ তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে ব্যক্তিগত বা কর্মক্ষেত্রের কোনও কারণ থাকতে পারে, যা তদন্তের অগ্রগতির সঙ্গে স্পষ্ট হবে।