গডসের ছবি দিয়ে ‘বীর লহ প্রণাম’! মেদিনীপুর শহরের চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল”

রাজ্য রাজনীতিতে ফের একবার নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পশ্চিম মেদিনীপুরের সদর শহর মেদিনীপুর। শহরের বুকে মহাত্মা গান্ধীর খুনী নাথুরাম গডসের ছবি দেওয়া ব্যানার টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এক স্থানীয় বাসিন্দা নিজেকে বিজেপির সদস্য বলে দাবি করে ওই ব্যানার লাগিয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় একদিকে যেমন ফুঁসে উঠেছে কংগ্রেস, অন্যদিকে বিষয়টি থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছে ভারতীয় জনতা পার্টি।
মেদিনীপুর শহরে নাথুরামের ব্যানার ঘিরে শোরগোল
শুক্রবার মেদিনীপুর শহরের কর্মচারী ভবনের সামনে একটি বিতর্কিত ব্যানার নজরে আসে। ওই ব্যানারে নাথুরাম গডসের ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, ‘বীর লহ প্রণাম’। জানা গিয়েছে, এই ব্যানারটি টাঙিয়েছেন মেদিনীপুর শহরেরই এক চিত্রশিল্পী মৃণ্ময় সাউ। নিজেকে বিজেপির সদস্য বলে পরিচয় দিয়ে তিনি প্রকাশ্যে দাবি করেছেন, ছোটবেলার ইতিহাস ভুল শেখানো হয়েছে। তাঁর মতে, আসল হিরো হলেন নাথুরাম গডসে এবং খলনায়ক গান্ধীজি। এমনকি আগামী দিনে ঘরে ঘরে নাথুরামের মূর্তি থাকবে বলেও বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কংগ্রেসের
এই ঘটনার পরই তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছে কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীব সিট তীব্র নিন্দা করে বলেন, “এ এক ভয়ংকর পরিস্থিতি। যেখানে গোটা বিশ্ব গান্ধীর মহিমা স্বীকার করে, সেখানে কতিপয় মানুষ নাথুরাম গডসেকে এখনও হিরো মনে করছে। নাথুরাম একজন সন্ত্রাসী, যিনি জাতির জনককে হত্যা করেছেন।”
তিনি আরও জানান, এই ঘটনার বিরুদ্ধে তাঁরা দ্রুত থানায় এফআইআর দায়ের করবেন এবং ওই ব্যক্তির কঠোরতম সাজার দাবি জানাবেন। পাশাপাশি, কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন পরেই মেদিনীপুরে এসে মাত্র ২০০ মিটারের মধ্যে থাকা গান্ধীমূর্তিতে মালা দেবেন, তার আগে এই ধরনের অবমাননা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
বিজেপির সাফাই
অন্যদিকে, এই গোটা বিতর্ক থেকে নিজেদের সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছে গেরুয়া শিবির। বিজেপির জেলা সভাপতি সৌমেন তেওয়ারি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যিনি এই ব্যানারটি লাগিয়েছেন, তিনি তাতে দলের কোনো চিহ্ন বা নাম ব্যবহার করেননি। এটি সম্পূর্ণ তাঁর নিজস্ব ব্যাপার এবং এর সঙ্গে দলের কোনো যোগ নেই। যদি কারও এই বিষয়ে কোনো আপত্তি থাকে, তবে তাঁরা প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারেন; দল এর কোনো দায়িত্ব নেবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব।