কেষ্টর সামনেই পার্টি অফিসে ভয়ঙ্কর তাণ্ডব! কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন অনুব্রত!

সিউড়ির দলীয় কার্যালয়ে বীরভূম জেলা তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের সামনেই ঘটে গেল চরম তাণ্ডব ও নজিরবিহীন গোলমাল। দলীয় কার্যালয়ে উপস্থিত সাধারণ কর্মী ও বিক্ষুব্ধ জনতার তীব্র ক্ষোভের মুখে পড়েন ‘কেষ্ট’। উত্তেজিত জনতা শুধু পার্টি অফিস ভাঙচুরই করেনি, খোদ অনুব্রতর কলার ধরে তাঁকে প্রকাশ্যে শাসানি দেয় বলে অভিযোগ। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত হাতজোড় করে ক্ষমা চাইতে বাধ্য হন অনুব্রত মণ্ডল। রাজনীতির অন্দরে তোলপাড় ফেলে দেওয়া এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা।
ঘটনার পরই এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কটাক্ষের সুরে বলেন, “রাজনীতি এমনই হয়। কে কখন ওপরে আর কে কখন নিচে থাকে, তা কেউ জানে না। যদি কেউ ক্ষমতা পেয়ে থাকে, তবে তার সঠিক ব্যবহার করা উচিত। আমরা দেখেছি তৃণমূলের আমলে কীভাবে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। তাই যেমন দিয়েছেন, তেমন তো পেতেই হবে। সেটাই এখন চলছে।” তবে একইসঙ্গে হিংসার নিন্দা করে তিনি যোগ করেন, “তার মানে এই নয় যে সব জায়গায় মারপিট বা প্রতিশোধ চলবে। সভ্য জগতে এগুলো হওয়া উচিত নয়। মানুষের ক্ষোভ থাকে, তা বের হয়, তবে এই প্রবণতা বন্ধ হওয়া দরকার।” ‘জয় শ্রী রাম’ স্লোগান প্রসঙ্গে দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় জানান, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্র্যান্ডেড সম্পত্তি নয়, ভারতের প্রতিটি মানুষই এই স্লোগান দিতে পারেন এবং তা বলা তাঁদের অধিকার।